অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানের সংঘর্ষ

টাঙ্গাইলের সড়ক দূর্ঘটনায় নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের হাতিয়া এলাকায় শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইদুল ইসলাম জানান, ক্যান্সার রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী মাছ বহনকারী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন আরও ৭ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

তিনি আরও জানান, হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।