টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই চাচাত বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাত বোনের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফুলতারা গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো- রাজধানীর মিরপুর এলাকার বাবুল মিয়ার মেয়ে দোলন (১৫) ও মো. বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি (১৬)। তারা সম্পর্কে চাচাত বোন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জেএসসি পরীক্ষা শেষে তারা মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।

ওসি জহিরুল ইসলাম জানান, দোলন ও স্মৃতি ফুফুর বাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শিশুরা তাদের দুইজনকে তলিয়ে যেতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধারে পুকুরে নামেন। পুকুরভর্তি কচুরিপানা থাকায় উদ্ধারে কিছুটা বিলম্ব হয়। প্রায় ১৫ মিনিট পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত সাবরিনা অন্না জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।