দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি রুটে অর্নিদিষ্টকালের বাস ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি রুটে অর্নিদিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

বরিশাল জেলা বাস ও মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে ধর্মঘট শুরু হয়। এতে যাত্রীরা বিপাকে পড়েছেন।

গত তিন মাস ধরে বরিশাল বাস মালিক সমিতি ও ঝালকাঠি বাস মালিক সমিতির হিস্যা দ্বন্দ্বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি রুটের মধ্যে ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

বরিশাল থেকে বরগুনা ও পটুয়াখালীর সবকটি রুটে বাস ধর্মঘট হওয়ায় যাত্রীরা গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।

বরিশাল বিভাগীয় সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান শাহীন বলেন, দীর্ঘ দিন ধরে ঝালকাঠি বাস মালিক সমিতি তাদের দাবির প্রেক্ষিতে বরিশাল থেকে পশ্চিমাঞ্চলীয় রুটে কোনো বাস চলাচল করতে দিচ্ছে না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে বলে জানিয়েছেন তিনি।