আজিম উদ্দিন চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ধান কাটতে চাঁপাইনবাবগঞ্জ থেকে দলে দলে নওগাঁর পথে যাচ্ছে শ্রমিকরা। ট্রাক্টর, পাওয়ার টিলার, অটো, নশিমনে (স্যালো মেশিন) করে জেলার বিভিন্ন জায়গা থেকে ধান কাটতে যাচ্ছে নওগাঁর বিভিন্ন উপজেলায়। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নাচোল, রহনপুর এলাকায় দেখা গেছে, দলে দলে বিভিন্ন গাড়িতে রওয়ানা দিয়েছেন তারা। সামাজিক দুরত্ব ও কারো মুখে মাস্ক না থাকলেও সবার চোখেমুখে ধান কাটতে যাওয়ার আনন্দ, উচ্ছাস লক্ষ্য করা গেছে। গাড়িতে রান্না করার হাঁড়িপাতিল, খড়ি, কাপড়, বিছানা সাথে নিয়ে ছুটছেন তারা।
ধান কাটতে যাওয়া কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর উপজেলা হতে নওগাঁ জেলার মহাদেবপুর, বদলগাছি, নিয়ামতপুর, পৌরশা, সাপাহার, মান্দা, আত্রাই, ধামুরহাট উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটতে যাচ্ছেন শ্রমিকরা। তবে জেলা হতে প্রতিবছর কতজন শ্রমিক ধান কাটতে যায় এমন কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ধারনা করা হয়, কয়েক হাজার কৃষক নওগাঁয় ধান কাটতে যায়।
জানা যায়, নওগাঁয় মণে (৪০ কেজি) ৮ কেজি পারিশ্রমিক হারে ধান কাটে এসব শ্রমিক। চাঁপাইনবাবগঞ্জে মণে ৫ কেজি হারে পারিশ্রমিক পাওয়ার কারনে নিজ জেলা ছেড়ে নওগাঁয় ছুটছেন তারা। একেক দলে ১০–২০ জন করে রয়েছেন ধান কাটা শ্রমিকরা। এবার ফলন ভালো, তাই অন্যান্য বছরের তুলনায় এবছর অধিক পরিমানে পারিশ্রমিক পাওয়া যাবে বলে আশা করছেন কৃষকরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারোরশিয়া গ্রামের কৃষক হারুন আলীর সাথে আরো ১২ জন শ্রমিক রয়েছে এই দলে। তিনি বলেন, আমি গত ১৪ বছর ধরে নিয়মিতভাবে ধান কাটার মৌসুমে নওগাঁর বিভিন্ন উপজেলায় যায়। এবছর মহাদেবপুরে ধান কাটতে যাচ্ছি। আমাদের এলাকা থেকে শত শত কৃষক ধান কাটতে যায়। সেখানে (নওগাঁয়) বেশি পরিমাণে জিন (পারিশ্রমিক) পাওয়া যায়, তাই প্রতিবছর ধান কাটতে যায়।
গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা গ্রামের শ্রী সবানু জানান, প্রতিবছর নওগাঁয় ধান কাটতে যায়। ১৫–২০ দিন সেখানে ধান কাটা, মাড়াই করি ও মালিকের বাড়িতে ফসল উঠিয়ে দেয়ার কাজ করি। এসময়ে প্রায় ১০–১২ মণ ধান পারিশ্রমিক হিসেবে পায়। তা দিয়ে এক মৌসুমের মাঝামাঝি সময়ে পরিবারের খাবারের ব্যবস্থা হয়। গত ৫–৬ দিন থেকে শ্রমিকরা যেতে শুরু করেছে বলে জানান তিনি।

১৫ জন মিলে একটি ভটভটিতে করে ধান কাটার উদ্দেশ্যে যাচ্ছিলো একটি দল। কারো মুখে মাস্ক নেই। গাদাগাদি করে সবাই গাড়িতে বসে আছে। এবিষয়ে প্রশ্ন করা হলে, গাড়িতে থাকা শিবগঞ্জ উপজেলার মর্দনা গ্রামের আরিফুল ইসলাম বলেন, এতো গরমে সারাদিন মাঠে কাজ করি। মাস্ক দিয়ে কি আর কাজ করা যাবে? আমাদের এসবের দরকার নাই। আমাদের শরীর করোনার থেকে অধিক শক্তিশালী। তাই এতো গরমের মধ্যে মাস্কের দরকার নাই।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ–পরিচালক (শস্য) শামীম ইকবাল জানান, গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত নওগাঁয় উত্তরের বিভিন্ন জেলা হতে ৪৬ হাজার ৭০০ জন ধানকাটা শ্রমিক এসেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়াও নওগাঁয় আসা ধানকাটা শ্রমিকদের মধ্যে রয়েছে যশোর, নিলফামারী, গাইবান্ধা, জয়পুরহাট জেলার শ্রমিকরা।


