সিপি. ইনভেস্টিগেশন এজেন্সি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে। বিশেষ করে আরজু ও তপন ঘোষ নামের দুই দালালের মাধ্যমে গ্রামের সহজ-সরল মানুষদের রাশিয়ায় পাঠানো হচ্ছে বলে একাধিক ভুক্তভোগী সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডিকে জানিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের রাশিয়ায় পাঠানো হয়। সেখানে গিয়ে অনেককে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কাজে জড়ানোর প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
পরিবারগুলোর অভিযোগ, রাশিয়ায় যাওয়ার পর অনেক বাংলাদেশি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তারা পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। এতে স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। একাধিক স্বজন জানান, “আমাদের সন্তান বেঁচে আছে না মারা গেছে—আমরা কিছুই জানি না।”
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আরজু ও তপন ঘোষ সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। বরং তপন ঘোষ সরাসরি স্বীকার করেন, “আমাদের কাজ মানুষ পাঠানো। তারা কোথায় যাবে, কী কাজ করবে—সেটা তাদের বিষয়।” এমন বক্তব্যে প্রতারণার আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু মানবপাচারের শামিল নয়, বরং আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি করে। সাধারণ মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
সচেতন মহলের দাবি, এই দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।


