ধর্মপাশায় ১০ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

জেলা প্রতিবেদকঃ সুনামগঞ্জের ধর্মপাশা থানায় বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ্য করে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রলীগের নেতা আফজাল খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূত্তি করার অভিযোগে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন।

ছাত্রলীগ নেতা আফজাল খানের বাড়ি ওই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে। তিনি ঢাবিতে সমাজকল্যাণ বিভাগে অধ্যায়ণরত শিক্ষার্থী। ঢাবি শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক উপসম্পাদক।

ধরমপাশা থানা–পুলিশ ও ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, আফজাল খান গত ২৯ মার্চ দুপুরে হেফাজতে ইসলামের সহিংসতার ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা পোস্টটির স্ক্রিনশট রেখে দেন। ছাত্রলীগ নেতার এই পোস্ট নিয়ে ৭ এপ্রিল হেফাজতে ইসলামের কয়েকজন সমর্থক কটূক্তি ও মানহানিকর কথা লিখে তাঁদের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন।

যাঁদের নামে মামলা হয়েছে তাঁরা হলেন শান্তিপুর গ্রামের শেখ রেজাউল করিম (২২), হরিপুর গ্রামের তুষার আবদুল্লাহ (২১) ও মনিরুজ্জামান মনির (২৩), বাদে হরিপুর গ্রামের উমর ফারুক (২৫), হাফেজ সাঈদ (২০), রবিউল হাসান (২৩), আবদুস শহীদ খান (২২), হাফেজ নোমান আহমেদ (২৫) ও মনির (২৩) এবং মহেষপুর গ্রামের যুবদল কর্মী আকবর রাজীব (৩৫)।

এর আগে ৬ এপ্রিল বিকেলে উপজেলার জয়শ্রী বাজারে আফজাল খানকে হেনস্তা ও আটক করে রাখার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে পরের দিন ধরমপাশা থানায় একটি মামলা করেন তিনি। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্রলীগ নেতা আফজাল খান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১০ আসামির মধ্যে ৯ জন হেফাজতে ইসলামের সমর্থক ও ১ জন যুবদল কর্মী।

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান আজ রোববার বেলা দুইটার দিকে মুঠোফোনে বলেন, ছাত্রলীগ নেতার করা মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।