আজিম উদ্দিন চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি: গত ৫ বছর ধরে বানিজ্যিকভাবে উল্লেখ করার মতো তেমন কোন তরমুজের চাষ হয়নি চাঁপাইনবাবগঞ্জে। চলতি বছরে প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে এই জেলায় তরমুজ চাষের পরিমান। কৃষক ও কৃষি বলছে, নায্যমূল্য না পেয়ে তরমুজ চাষে বিমুখ হয়েছে জেলার কৃষকেরা। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও রাজশাহী আঞ্চলিক কৃষি দপ্তরের তথ্য মতে, গত ৫ বছরে জেলায় বানিজ্যিকভাবে তরমুজের চাষাবাদ হয়নি৷
খোঁজ নিয়ে জানা যায়, শুষ্ক মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা ও শিবগঞ্জের পদ্মা–মহানন্দা নদী ও নদী তীরবর্তী এলাকায় গত কয়েক বছর আগেও বিপুল পরিমাণ জমিতে চাষাবাদ করা হতো তরমুজের। সদর উপজেলার ইসলামপুর, চরবাগডাঙ্গা, শিবগঞ্জের পাঁকা, ঘোড়াপাখিয়া, উজিরপুর ও গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় ব্যাপক হারে চাষ করা হতো তরমুজের। তবে তরমুজ উৎপাদন করেও নায্যমূল্য না পেয়ে হতাশ হয়ে চাষাবাদ করা বন্ধ করে দিয়েছে কৃষকরা।

টানা ১০ বছর মহানন্দা নদীর পাড়ে তরমুজ চাষ করেছেন কৃষক মো. আব্দুল মান্নান। জেলা সদরের চরমোহনপুর মহানন্দা তীরবর্তী এলাকায় তিনি তরমুজ চাষাবাদ করতেন। গত ৮ বছর ধরে চাষাবাদ করছেন না। কেন হঠাৎ তরমুজ চাষ বন্ধ করলেন? এমন প্রশ্নের উত্তরে আব্দুল মান্নান বলেন, মহানন্দা নদীর পানি শুকিয়ে আসলে প্রতিবছর তরমুজের চাষাবাদ করতাম। কিন্তু তরমুজ চাষ করে কোনবছরই তেমন লাভ করতে পারতাম না। সেচ, সার দিতে যা খরচ হতো, তাও উটতো না। পানির দামে বিক্রি করতে হতো। সর্বশেষ বছরে ৫ বিঘা তরমুজ চাষ করে লাভ তো দূরের কথা প্রায় ৬–৭ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। তিনি আরো বলেন, বালু মাটিতে প্রতিবছর বাম্পার ফলন হলেও বারবার লোকসান হতে থাকলে পরিবারের অনুরোধে তরমুজ চাষ বন্ধ করে দেয়। সেসব জায়গায় এখন ধান, গম চাষ করি। এসব ফসলের দাম ভালো রয়েছে। তাই তরমুজের কথা আর কখনও মাথায় আসেনা।

গত ৬–৭ বছর আগেও সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ইসলামপুর, আহলদীপারা, ক্লাব হাট, কলাবাগান, কাজীপাড়া, গাজীপাড়া এলাকায় মহানন্দা নদীর ধারে বিস্তৃত মাঠ জুড়ে তরমুজের চাষাবাদ হতো। এবছরও দু–এক জায়গায় সামান্য পরিমাণে হয়েছে। এই এলাকার এক তরমুজ চাষী আবুল খায়ের জানান, এখন ভয়ে কেউ আর তরমুজ চাষ করে না। কারন মাঠে তরমুজের তেমন চাষাবাদ হয় না। তারপরেও অনেক ঝুঁকি নিয়ে চাষ করলে জমি থেকেই তুলে খেয়ে নেয়। তাই এখন আর কেউ তরমুজ চাষ করে না।

শিবগঞ্জের এক তরমুজ চাষী বলেন, ৫ বছর আগেও পদ্মার চরে অনেক তরমুজ চাষ হয়েছে। কিন্তু কৃষকরা তরমুজ চাষে ঠকতে ঠকতে তা ছেড়েই দিয়েছে। কারন তরমুজ চাষ করে সেসময় (৫ বছর আগে) নূন্যতম খরচটাও উটতো না। এখন এসব জমিতে মালটা, বরই, পেয়ারার বাগান গড়ে উঠেছে। কোথাও কোথাও ধান, ভুট্টা, গম, পটলের চাষাবাদ হচ্ছে। এসব ফসলে অধিক লাভ হওয়ায় তরমুজ ছেড়ে কৃষক ভাইয়েরা এসবে ঝুকে পড়েছে।
সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই–মহেশপুর গ্রামের একজন ভ্রাম্যমাণ ফল বিক্রেতা মো. কাবিল জানান, ৫–৭ বছর আগে ভ্যানে করে কতো তরমুজ বিক্রি করেছি। আশেপাশের জমি থেকে কয়েক টাকা পিস হিসেবে এনে বিক্রি করতেও হিমশিম খেতে হয়েছে। দাম না পেয়ে কৃষকরা তরমুজ চাষ করাই বন্ধ করে দিয়েছে। আর এখন দেখুন, কতো দাম তরমুজের! হয়তো চাষীরা এখনও তাদের প্রাপ্য দাম পায় না। কিন্তু অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে।

জেলা শহরের এক আড়ৎদার আব্দুর রাজ্জাক বলেন, গত দুই দশক ধরে তরমুজের ব্যবসা করি। ৭–৮ বছর আগেও জেলার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পাইকারি ব্যবসায়ীদের কাছে তরমুজ বিক্রি করেছি। কিন্তু গত ৪–৫ বছর থেকে জেলায় চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ায় এখন বাইরের বিভিন্ন জেলার উপর নির্ভর করতে হয়। স্থানীয়ভাবে দামেও এর প্রভাব পড়েছে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলায় তরমুজ চাষাবাদের পরিমান নিয়ে কোন পরিসংখ্যান নেই। তবে বর্তমানে এই জেলায় তরমুজ চাষের পরিমান নেই বললেই চলে। জেলায় হাতেগোনা কয়েক জায়গায় চাষ করা হলেও সেটা খুবই কম। গত ৫ বছরে দাম না পেয়ে তরমুজ চাষ কমতে কমতে শূন্যের কোঠায় নেমে গেছে বলেও জানান তিনি।


