গোপালগঞ্জ প্রতিনিধি : শনিবার বেলা ৩টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগে দ্বিধাবিভক্তি নেই। এখন আওয়ামী লীগ এক ও অভিন্ন। আর তৃণমূল নেতা-কর্মীরা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করবে।
সম্প্রতি হকার উচ্ছেদের ঘটনা প্রসঙ্গে সেলিনা হায়াৎ আইভী বলেন, এখানে (নারায়ণগঞ্জ) ব্যক্তিগতভাবে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকতে পারে। আর সব জায়গায় ছোটখাটো সমস্যা থাকে। এখানেও ছোটখাটো দু-একটি ঘটনা ঘটেছে। এর মানেই এটা নয় যে এখানে আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত।
এর আগে মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এর আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. সহিদ বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি এমদাদুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট আসাদুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, মো. জাহাঙ্গীর হোসেনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


