নালিতাবাড়ীতে রোহিঙ্গাদের উপর গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

নালিতাবাড়ী প্রতিনিধিঃ  মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যা, গণধর্ষণ ও নিজভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের জন্মভূমি রাখাইন প্রদেশে তাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ফ্যাসিস্ট সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে তারা মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় অং সান সুচির ভূমিকার সমালোচনা করে তার নোবেল শান্তি পদক প্রত্যাহারসহ রোহিঙ্গাদের উপর গণহত্যা ও গণধর্ষণ বন্ধে জাতিসংঘের সক্রিয় হস্ত ক্ষেপের দাবি জানান। মানববন্ধনে নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একে এম মোয়াজ্জেম হোসেন, কলেজ ব্যবস্থাপনার কমিটির সদস্যা যোগেন চন্দ্র রায়, প্রভাষক জাহিদুল হাসান, শিক্ষার্থী জাহিদুল হক মনির, হারুন অর রশিদ, রিয়া দে প্রমুখ বক্তব্য রাখেন। পরে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যা ও গণধর্ষণ বন্ধ এবং শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।