ভারতে বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং সিজেপি (ককরোচ জনতা পার্টি) মুখপাত্র সৌরভ দাসের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যের জবাবে সৌরভ দাস সমালোচনা করলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কড়া ভাষায় আক্রমণ করেন কঙ্গনা।
নিজের রাজনৈতিক ও পেশাগত সাফল্যের কথা তুলে ধরে কঙ্গনা বলেন, সৌরভ দাসের বর্তমান বয়স ২৮ বছর, আর ওই বয়সেই তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। পাশাপাশি তিনি নিজেকে চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক, চিত্রনাট্যকার এবং উদ্যোক্তা হিসেবে উল্লেখ করেন।
কঙ্গনা বলেন, আমি মাত্র দুবছর ধরে রাজনীতিতে আছি, কিন্তু গত ২০ বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চলচ্চিত্রসহ বিভিন্ন পেশাগত কাজও করছি। সারাক্ষণ ব্যস্ত থাকার অর্থ কী, সেটা বেকার ও অযোগ্য কেউ বুঝবে না।
জবাবে সৌরভ দাস বলেন, কঙ্গনা এখন একজন রাজনীতিক হলেও তার নিজের দলও তাকে খুব একটা গুরুত্ব দেয় না। তিনি দাবি করেন, বর্তমান প্রজন্মের অনেকেই কঙ্গনার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেয় না। তিনি আরও বলেন, হিমাচল প্রদেশে নিজের নির্বাচনি এলাকায় গিয়ে কঙ্গনা একসময় স্বীকার করেছিলেন যে, সংসদ সদস্যের দায়িত্ব তার ধারণার চেয়ে অনেক বেশি কঠিন। সৌরভের মতে, এ বক্তব্যই তার রাজনৈতিক প্রস্তুতির অভাবের প্রমাণ।
এর জবাবে কঙ্গনা সৌরভ দাসকে উদ্দেশ করে বলেন, প্রিয় সৌরভ, আপনার সমস্যাগুলো ব্যক্তিগত। আপনি কোনো শিক্ষার্থী নন। আপনি সম্পূর্ণ অযোগ্য। আগে কোনো একটি দক্ষতা অর্জন করুন, সেখান থেকেই শুরু করুন।
সম্প্রতি নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা করেছিলেন কঙ্গনা। তিনি বলেন, আন্দোলনের সময় অশালীন ভাষা ব্যবহার ও ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইনস্টাগ্রামে দেওয়া একাধিক পোস্টে তিনি আন্দোলনের কিছু ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ বলেও মন্তব্য করেন।
অন্যদিকে, সিজেপির নেতৃত্বে আন্দোলনকারীরা নিট প্রশ্নফাঁসের দায়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছিলেন। পরে তিনি পদত্যাগ করলে আন্দোলন প্রত্যাহার করা হয়। কঙ্গনা ও সৌরভ দাসের সাম্প্রতিক বাকযুদ্ধ সেই আন্দোলনকে কেন্দ্র করেই নতুন মাত্রা পেয়েছে।
সূত্র: এনডিটিভি


