নির্বাচনকে মহাজোট সরকার ভয় পায়, এ কথা সঠিক নয়

কুষ্টিয়া : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে যেমন বির্তকের অবসান হওয়া উচিত, তেমনি যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের নিয়ে যে বিতর্ক, তারও অবসান হওয়া দরকার। বিএনপি নির্বাচন নিয়ে এত প্রস্তাব দিচ্ছে, অথচ জঙ্গি, যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ত্যাগ করার আলোচনায় আসছে না। আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘নির্বাচনের আগে এই সরকারকে বিএনপির সঙ্গে আলোচনায় আসতেই হবে’- ব্যারিস্টার মওদুদ আহমেদের মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ত্যাগ করেই আলোচনায় আসতে হবে। তা না হলে বিএনপির সঙ্গে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা হবে না। তথ্যমন্ত্রী আরো বলেন, ‘‘নির্বাচনকে মহাজোট সরকার ভয় পায়, এ কথা সঠিক নয়। কারণ এদের ভালোভাবে বিজয়ের নজির রয়েছে। জনগণ যতদিন চাইবে, ততদিন আমরা দেশ পরিচালনার দায়িত্বে থাকব। এই সব ব্যাপারে হুমকি ধামকি দিয়ে লাভ নেই।’’ তিনি বলেন, ‘‘ভবিষ্যতে গণজোয়ার সৃষ্টি হবে, নাকি বিএনপির রাজনীতির বিদায় ঘটবে- তা সময়ই বলে দেবে। যেহেতু আমরা গণক নয়, তাই ভবিষ্যদ্বাণী করতে চাই না। বিএনপি মাঠের অবস্থা না বুঝে ভবিষ্যৎ জানার জন্য গণকের আশ্রয় নিয়ে রাজনীতির পথনকশা তৈরি করবে বলে আমার মনে হয় না।’’ এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান হাবিব, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।