মাওলানা সুবহানের বিরুদ্ধে পাবনার একটি মামলায় সাক্ষ্যগ্রহণ

পাবনা প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে পাবনার একটি মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের প্রধান আইনজীবী সুলতান মাহমুদ খান এহিয়া জানান, মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা সুবহানকে পাবনার আমলী আদালত-১ এ হাজির করা হয়।

এ সময় আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৯ ডিসেম্বর পুনরায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এ সময় মাওলানা সুবহান কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ১১ এপ্রিল প্রথমবারের মতো ও ২১ জুন দ্বিতীয়বারের মতো এই মামলায় মাওলানা সুবহানের পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ২০০৩ সালের ৩০ আগস্ট পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তিনটি গ্রামের ১৮২টি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বাদী হয়ে মাওলানা সুবহানকে প্রধান আসামিসহ ৩১ জনের বিরুদ্ধে ২০১২ সালের ২ এপ্রিল পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।