মেলেনি কোনো সাহায্য, দিশেহারা বাস শ্রমিকরা 

আজিম উদ্দিন  চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের কারণে কর্মহীন থাকায় দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের বাস চালক, হেলপার ও সুপারভাইজাররা। মানবেতর জীবন যাপন করলেও এখন পর্যন্ত মেলেনি কোন সাহায্য সহযোগিতা। সরকার, পরিবহন মালিক, শ্রমিক ইউনিয়ন কেউই পাশে দাঁড়ায়নি এসব পরিবহন শ্রমিকদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁ, রাজশাহীগামী বিভিন্ন আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ রুটে চলা বাস শ্রমিকদের খবর নেয়নি কেউ।

শনিবার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে দিয়ে দেখা যায়, বসে-সুয়ে অলস সময় পার করছেন বাস শ্রমিকরা। বাসচালক ও সুপারভাইজারদের সাথে কথা বলে জানা গেছে, গতবছরের ন্যায় এবার চলা কঠোর লকডাউনেও সাহায্যেরও হাত বাড়ায়নি কেউ।

আগামী দিনগুলো কীভাবে পার করবো তা ভেবে কূলকিনারা পাচ্ছে না তারা। তারা বলছেন, কেউ আমাদের খবর নেই না। জেলার প্রায় ২ হাজার বাস শ্রমিক এখন মানবেতর জীবনযাপন করছে। সড়কে আমাদের পরিবহন চললে পকেটের টাকা আসে, আমাদের ইনকাম হয়। লকডাউনে সড়কে বাসও চলে না, আমাদের রোজগারও হয় না।

চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর রুটের এম.এন এন্টার প্রাইজের ড্রাইভার মো. মোস্তাকিম বলেন, সরকারি নির্দেশে গত ১১ দিন থেকে বাস চলাচল বন্ধ। সংসার চালা নিয়ে খুব অশান্তির মধ্যে জীবনযাপন করছি। গতবছরও যখন লকডাউন চলছিলো, তখন সরকার সহযোগিতা করার কথা জানায়। কিন্তু আমাদের ভাগ্যে কিছুই জোটেনি। শেখ হাসিনা সরকারের কাছে করজোরে অনুরোধ, আমাদেরকে বাঁচান। আমাদের জন্য কিছু অনুদান দিয়ে রক্ষা করেন। আমরা না পারি রিকশা-ভ্যান চালাতে। না পারি কারো কাছে হাত পাততে।

২৭ বছর ধরে বাসের সুপারভাইজারের কাজ করেন মো. মিঠুন। তিনি জানান, কঠোর লকডাউনের মধ্যেও সিনএনজি, অটোতে করে ৮ জন করে পরিপূর্ণ যাত্রী নিয়ে চলাচল করছে। এতে করোনায় প্রভাব পড়বে না? শুধু বাস চালালেই করোনা বাড়বে? অর্ধেক সিটে যাত্রী নিয়ে চলাচল করার সুযোগটা দিলেও তো আমরা বাঁচতে পারি। কেউ কোন সাহায্য-সহযোগিতা করে না, তাহলে সরকারের কাছে অনুরোধ আমাদের অর্ধেক সিট নিয়ে চলাচলের সুযোগ দিবেন।

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ আন্তঃজেলা এস.ডি ট্র্যাভেলসের ড্রাইভার মো. বকুল জানান, কঠোর লকডাউনের সময়ও সরকার, শ্রমিক ইউনিয়ন বা মালিক সমিতি কেউ কোন সাহায্য করেনি। প্রতিদিন বাস টার্মিনালে এসে সারাদিন বাস জোগায় আর চলে যায়। অনেক চিন্তার মধ্যে দিন পার করেছি। কীভাবে চলবো পরিবার-পরিজন নিয়ে। আমরা বাসচালকরা দিন আনি দিন খাই। আমাদের জমানো টাকা থাকে না।

জেলা বাস মালিক সমিতির সভাপতি অ্যাড. ফিরোজ বলেন, সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের জন্য কিছুই করা হয়নি। তবে অনেক বাস মালিক ব্যক্তিগত উদ্যোগে নিজের ড্রাইভার-সুপারভাইজারদের জন্য বেতন ও উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করছে।


চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক জানান, আর্থিক সংকটের কারনে বাস শ্রমিকদের জন্য কোন সাহায্য সহযোগিতা করা হয়নি। তবে জেলা প্রশাসনকে আবেদন করা হয়েছে বাস শ্রমিকদের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করার জন্য।