যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের ঐতিহ্যবাহী মুড়লির জোড়া মন্দির জবর দখলদারদের হাত থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা সনাতন ধর্ম সংঘের আয়োজনে গতকাল শনিবার প্রেসকাব যশোরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী বলেন, ২০১১ সালের মার্চ মাসে তৎকালীন জেলা প্রশাসক এক আদেশবলে মন্দিরটি সংস্কার করে বিগ্রহ স্থাপন এবং নিত্যপূজা করার জন্য জেলা সনাতন ধর্ম সংঘকে দায়িত্ব দেন।
তিনি নিজে এই সংস্কার কাজের উদ্বোধন করেন। কাজ শেষে এর দ্বার উন্মোচন করেন তৎকালীন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক। তারপর থেকে এখানে শারদীয় দুর্গাপূজা, শ্যামাপূজা, স্বরসতী পূজাসহ বার মাসের তের পার্বন অনুষ্ঠিত হয়ে আসছিল। এছাড়াও এখানে সাপ্তাহিক গণধর্মীয় প্রার্থনা, সনাতন সঙ্গীত নিকেতন ও গীতা শিক্ষা কেন্দ্র এবং হোমিও দাতব্য চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম অব্যাহত ছিল।
কিন্তু বিগত ২০১৬ সালের নভেম্বর মাসের ১৮ তারিখে সাপ্তাহিক প্রার্থনা শেষে রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবেন ভাস্করের নেতৃত্বে ১৮ থেকে ২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহকারে মন্দিরে আক্রমণ করে। সন্ত্রাসীরা ভক্তদের বেধড়ক মারপিট করে এবং মন্দিরের সম্পাদক অধ্যাপক গোপীকান্ত সরকারকে জীবননাশের হুমকি দিয়ে তার কাছ থেকে চাবি কেড়ে নেয়।
এ সময় তারা মন্দিরের দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় পদক্ষেপ নেয়া হলেও তারা সেখানে উপস্থিত হয়নি।পাল্টা যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য্যরে একটি মতবিনিময় সভায় দেবেনসহ তার অনুসারী জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু ও অন্যান্য নেতৃবৃন্দ আমাদের বিভিন্নভাবে হুমকি দেয়। পরে প্রশাসন জবর দখলদার উচ্ছেদের জন্যে মেটিক্স প্রদান করলেও তারা এ বিষয়ে কোন কর্ণপাত করেনি। তিনি মন্দিরের জবর দখলদারদের গ্রেফতারপূর্বক তাদের নিকট থেকে চাবি নিয়ে মন্দিরের সেবায়েতের কাছে হস্তান্তর করার জন্যে প্রশাসনের কাছে জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সনাতন ধর্ম সংঘের সভাপতি শ্রীভূষণ ঘোষ, সহ-সভাপতি রনেশ চন্দ্র প্রমুখ। এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু বলেন, ঘটনার পর কালীবাড়ি মন্দিরে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আমাকে এর দায়িত্ব দেয়া হয়। কিন্তু আমি মন্দিরের কমিটির গঠনের জন্য সদর উপজেলা পরিষদের উপর দায়িত্ব দিই। এরপর কি হয়েছে তা আমার জানা নেই।


