যশোরে চিহ্নিত সন্ত্রাসী শিশির বন্দুকযুদ্ধে নিহত

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধিঃ যশোরে ৪৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি চিহ্নিত সন্ত্রাসী শিশির ঘোষ (৩২) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ানস্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার ভোরে সদর উপজেলার মাহিদিয়া গ্রামে কাবুলের ইটভাটা এলাকায় এঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতে তাকে শহরের শংকরপুর মুরগি ফার্মগেট এলাকা থেকে চারটি ককটেল বোমাসহ আটক করে পুলিশ। শিশিরের বিরুদ্ধে ৪টি হত্যা, ৫টি অস্ত্র, ৩টি বোমা বিস্ফোরক, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি ধর্ষণ চেষ্টাসহ মোট ১৮টি মামলা রয়েছে। তার খুনের পর আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করছে এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে যশোর শহরের শংকরপুর মুরগি ফার্মগেট এলাকা থেকে চারটি ককটেল বোমাসহ ষষ্ঠীতলার নিত্য ঘোষের ছেলে চিহ্নিত সন্ত্রাসী শিশির ঘোষকে আটক করে পুলিশ। এঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে। ওই মামলায় রাতেই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় তার কাছে অস্ত্র-গুলি আছে বলে পুলিশের কাছে স্বীকার করে। এক পর্যায়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোর রাতের দিকে সদর উপজেলার মাহিদিয়া গ্রামে অভিযানে যায়। ওই গ্রামের কাবুলের ইটভাটার সামনে গেলে শিশিরকে ছাড়িয়ে নিতে তার পক্ষীয় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। নিজেদের রক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এরই মধ্যে পুলিশের কাছ থেকে দৌঁড়ে পালানোর চেষ্টা করে শিশির। কয়েক গজ সামনে গিয়ে শিশিরকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশ। তার পাশেই একটি ওয়ানস্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর আহত অবস্থায় শিশিরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ শিশিরকে মৃত ঘোষণা করেন।এঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র এবং হত্যায় পৃথক দুইটি মামলা করেছে পুলিশ।

উল্লেখ্য, শিশির ঘোষ ২০১০ সালের ২৪ জুন একই এলাকার একটি মুসলিম মেয়েকে জোর পূর্বক তুলে নিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে করে। ওই ঘটনার মামলায় শিশিরকে ৪৬ বছরের কারাদ- দেন আদালত। কিছুদিন পর জামিনে বেরিয়ে আসে শিশির। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর বেলা ১১টার দিকে টিবি ক্লিনিক এলাকায় সিঙ্গাড়া-পুরির দোকান্দার টিপু সুলতানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। কয়েকদিন পর ছুটিপুর-এড়েন্দা রোডের বন্দুকযুদ্ধে শিশির ও তার সহযোগি রাব্বি ইসলাম শুভকে অস্ত্র-গুলিসহ আটক করে পুলিশ।

এছাড়া ষষ্ঠীতলার একটি বাড়ির ভাড়াটিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ার ভাড়াটিয়ার স্ত্রীর সম্ভ্রমহানির চেষ্টা করে। বাধা দেয়ায় স্বামী-স্ত্রী দুইজনকেই মারপিট করে। শিশিরের ভাই প্রদীপ ঘোষ ২০১২ সালের ২৭ জুলাই বোমা তৈরির সময় বিস্ফোরিত হয়ে মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের শংকরপুর সরকারি মুরগি খামার এলাকা থেকে শিশিরকে চারটি ককটেলসহ আটক করে ডিবি। তাকে থানায় আনার পর বিস্ফোরক আইনে মামলা হয়। এরপর ডিবি ও থানা পুলিশ শিশিরকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। মাহিদিয়া এলাকার একটি ইটভাটার কাছে পৌঁছলে শিশিরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। দুই পক্ষের গোলাগুলিতে শিশির গুলিবিদ্ধ হয়। এসময় সেখান থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশিরের নামে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে দাবি করেন ওসি।