যশোরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের পর একটি মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ‘জঙ্গি আস্তানায়’ শ্বাসরুদ্ধকর ‘মেল্টেড আইস’ অভিযানের পর একটি মামলা হয়েছে।

মামলায় জঙ্গি হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমান, উদ্ধার হওয়া তার স্ত্রী খোদেজা আক্তার খাদিজাসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

সোমবার গভীর রাতে পুলিশ পরিদর্শক তোফায়েল বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় সন্ত্রাস দমন আইনে এই মামলাটি করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমল হুদা জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাশার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছেন।

প্রসঙ্গত, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে রোববার রাত ২টা থেকে অভিযান শুরু হয়। এ অভিযান সোমবার বিকেল ৫টায় শেষ হয়। অভিযানে সন্দেহভাজন জঙ্গি হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী খোদেজা আক্তার খাদিজা আত্মসমর্পণ করেন। পরে ওই বাড়ি থেকে ৩টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার ও বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে খাদিজার শর্ত অনুযায়ী তার বাবা-মাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়।

খাদিজা নিহত নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম মারজানের বোন। আর অভিযানের দুদিন আগে পালিয়ে যাওয়া জঙ্গি হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমান নবগঠিত জেএমবির খুলনা অঞ্চলের নেতা।