স্টাফ রিপোর্টার।। যশোর পৌরসভার সেবার মানোন্নয়নে পৌর কর্তৃপক্ষ ও সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। যশোর পৌরসভার উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পৃষ্ঠপোষকতায় পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোরের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। মতামত ব্যক্ত করেন সনাক যশোরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক সুকুমার দাস, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী, পৌর কাউন্সেলর হাবিবুর রহমান চাকলদার মনি প্রমুখ। সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার এএইচএম আনিসুজ্জামান।সভায় জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, সঠিকভাবে নাগরিক সেবা প্রদানে দায়বদ্ধতা রয়েছে। এ দায়বদ্ধতায় জলাবদ্ধতা, যানজট ও মশার উপদ্রব বন্ধে কাজ করে যাচ্ছি। আশা করছি অচিরেই এ সমস্যাগুলির সমাধান হবে। ‘পৌরসভার সেবার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, ফুটপাথ দখলমুক্ত করা, লালদীঘি দৃষ্টিনন্দন করা ও রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। নতুন শহীদ মিনার করা প্রায় শেষের পর্যায়ে এবং সুইমং পুলের কাজ দ্রুতগতিতে চলছে। তিনি বলেন, যানজটের যে সমস্যা আছে প্রশাসনের সাথে কথা বলে তার ব্যবস্থা নেওয়া হবে।


