যশোর ২৫০ শয্যা হাসপাতালের রোগীদের খাবার খেয়ে ফেলেছে কতৃপক্ষ!

যশোর জেলা প্রতিনিধঃ  যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগীদের খাবার দেয়ার ক্ষেত্রে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। কোন রোগী মানসম্মত খাবার পাচ্ছেন না। দীর্ঘ ৫ বছরেও খাবারের টেন্ডার হচ্ছে না একটি মামলার কারণে। ফলে একই ঠিকাদার বছরের পর বছর অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
তার সহযোগী হিসেবে কাজ করছে হাসপাতলে খাবার সরবরাহের কাজে নিয়োজিত একজন কর্মচারী।সূত্র জানিয়েছে, যশোর ২৫০ শয্যা হাসপাতালে যে সকল রোগী চিকিৎসাধীন রয়েছেন তাদের খাবার দেয়া হচ্ছে অতি নিম্নমানের। ভাল চালের ভাত দেয়ার কথা থাকলেও নিম্নমানের চালের ভাত দেয়া হচ্ছে রোগীদের।
যা রোগীরা খেতে পারেন না। রুই, কাতলা মাছ দেয়ার কথা থাকলেও অধিকাংশ সময় রোগীদের ছোট ছোট পোনা মাছ, সিলভার কার্প মাছ দেয়া হচ্ছে। ওই সকল মাছ সেদ্ধ করা হয় ঝাল, লবণ, তেল ও হলুদ মেশানো পানিতে। এর সাথে ডাল দেয়া হয়। মিষ্টি কুমড়া, কিছু ডাল, আর তেল মসলা দিয়ে পাকানো পানি। মাংসেও কোন স্বাদ নেই। নিম্নমানের পোল্ট্রি মুরগির মাংস ও বাজারের সবচেয়ে কমমূল্যের ছোট ডিম দেয়া হচ্ছে। খাসির মাংস ও দেশী মুরগির মাংস কখনো খেতে পারেন না যশোর ২৫০ শয্যা হাসপাতালের রোগীরা। শিশুদের জন্যে দুধসহ অন্যান্য খাবার দেয়ার নিয়ম থাকলেও তারা পাচ্ছে না। সকলকে একই রকম নিম্নমানের খাবার দেয়া হচ্ছে। কেবিন কিংবা পেয়িং বেড ভাড়া নেয়া রোগীরাও উন্নতমানের খাবার পাচ্ছেন না।
দৈনন্দিন প্রত্যেক রোগীর খাবার বাবদ সরকারি বরাদ্দ ১শ’ ২৫ টাকা। এর সঙ্গে রান্না হলে খাবার খরচ পড়ে অনেক কম। অথচ, যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগীরা সারাদিনে খাবার পান ৭৫ টাকার মতো। এভাবে টাকা বাঁচিয়ে পকেটভারি করা হচ্ছে।সূত্র জানিয়েছে, রোগীদের বঞ্চিত করে ঠিকাদার অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে প্রতিমাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। এ টাকার একটি অংশ পাচ্ছেন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মচারী। রোগীদের রান্নার কাজে নিয়োজিত কর্মচারী শাজাহান আলী হচ্ছেন এ অনিয়মের হোতা ও ঠিকাদারের প্রধান সহযোগী। যার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
এসব অনিয়ম জায়েজ করতে তিনি রাজনীতিতে অতি উৎসাহী। কোন শক্তি যাতে এসব অনিয়মকে কেন্দ্র করে আইনগত পদক্ষেপ নিতে না পারেন সে জন্যে দুর্নীতিবাজ কর্মচারীরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকেন।এ ধরনের অনিয়ম সব সময় চলে আসছে। তবে গত জুলাই শেষ সপ্তাহ থেকে অনিয়ম আরও বৃদ্ধি পেয়েছে। দেশ এখন কাঁপছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তদের নিয়ে। যশোরেও একই অবস্থা। হাসপাতালে রোগীর ঠাঁই হচ্ছে না। কর্তৃপক্ষ ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়ে। ঠিক সেই সময় সুযোগটি গ্রহণ করেছে হাসপাতালের খাদ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদার। তারা রোগীদের অতি নিম্নমানের খাবার দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।
এদিকে একই ঠিকাদার বছরের পর বছর খাবার দিচ্ছেন। ২০১৪ সালের পর আর কোন টেন্ডার হয়নি। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার কারণে নতুনভাবে খাবারের টেন্ডার আহ্বান করা যাচ্ছে না। তবে ঠিকাদার আরও ৬ মাস সময় বাড়িয়ে নিয়েছে। এ সময় শেষ হলে একটা সুরাহা হতে পারে।