হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আরও হামলা হয়, তবে কঠোর ও ব্যাপক পাল্টা জবাব দেবে তারা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একাধিক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র দেশটির জাস্ক ও সিরিক এলাকায় হামলা চালিয়েছে। হামলায় সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর জবাবে আইআরজিসি মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি নৌবাহিনীও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ পরিচালনা করেছে।
আইআরজিসি জানিয়েছে, তারা অতিরিক্ত হামলার প্রস্তুতি নিয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে চারটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যার মধ্যে একটি মার্কিন ঘাঁটির এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং জর্ডানে অবস্থিত একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারও রয়েছে।
ইরানের পক্ষ থেকে এই বার্তার দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, তারা যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দ্বিতীয়ত, যদি এসব হামলা অব্যাহত থাকে, তাহলে ইরান আরও কঠোর ও ব্যাপক পাল্টা জবাব দেবে।
যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের বাহিনী তাদের হেলিকপ্টার ভূপাতিত করেছে। কিন্তু ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ দাবি অস্বীকার করে বলেছেন, হেলিকপ্টারটিতে হামলা ছিল না। কোনো পরিকল্পিত বা ইচ্ছাকৃত পদক্ষেপও ছিল না।


