নিজস্ব প্রতিবেদক, রংপুর : শীতের সকালে উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২২টি বুথে এই ভোট গ্রহণ শুরু হয়েছে।
ভোট গ্রহণের শুরুতেই নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সিটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে ভোটারদের লম্বা সারি। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে।
এই কেন্দ্রের ভোটার রুনা লায়লা বলেন, সকালে ভোট দিয়ে নিশ্চিন্তে বাড়ির কাজ করতে পারব। তাই আগে ভাগে এসে ভোট দিলাম।
একই দৃশ্য দেখা গেছে, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ওই কেন্দ্রের ভোটার নজরুল ইসলাম মনু ও সফিকুল ইসলাম মুকু জানান, ৫ বছর পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব আনন্দ পেয়েছেন।
গত ৫ নভেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৪ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মেয়র পদে ৭ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৫ জনসহ মোট ২৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে সরফুদ্দিন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির লাঙল প্রতীকে মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপির ধানের শীষে কাওসার জামান বাবলা, জাপার বিদ্রোহী প্রার্থী হাতি প্রতীকে আসিফ শাহরিয়ার, ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কায় গোলাম মোস্তফা বাবু, বাসদের আব্দুল কুদ্দুস মই মার্কা এবং এনপিপির সেলিম আক্তার আম মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের নিরাপত্তা বাহিনীর ৫ হাজার ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিজিবি ২১ প্লাটুন (৬৩০ জন), র্যাবের ৩৩ টিম (৪০০ জন), পুলিশ ও আনসার সদস্য থাকছে ৪ হাজার ৪৭০ জন। এছাড়া একজন করে নির্বাহী হাকিমের নেতৃত্বে ৩৩টি স্ট্রাইকিং ফোর্স, একজন করে বিচারিক হাকিমের নেতৃত্বে ১১টি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, নির্বাচন কমিশনের ১১টি ‘নীরব পর্যবেক্ষক’ দল মাঠে রয়েছে। ইসির নিজস্ব এসব কর্মকর্তা পরিচয় গোপন রেখে নির্বাচনের সামগ্রিক পরিবেশ সম্পর্কে তথ্য নির্বাচন কমিশনকে জানাবেন।
এদিকে, নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বিজিবি গত মঙ্গলবার সকাল ৬টা থেকে মাঠে রয়েছে।
ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়।


