রাজশাহীতে একটি কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ড ঘটেছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীর সাহেববাজারে মুনলাইট গার্ডেন নামে একটি কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এমএ মান্নান।

এমএ মান্নান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কমিউনিটি সেন্টারের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কমিউনিটি সেন্টারের সবকিছু পুড়ে যায়।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আহসানুল কবির জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কমিউনিটি সেন্টারটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। আশপাশে পর্যাপ্ত পানির উৎসও নেই। পদ্মা নদী থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে।