নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : জেলার পুঠিয়া উপজেলা থেকে চার ‘জঙ্গিকে’ আটক করেছে রাজশাহী র্যাব-৫ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে সাতটি জিহাদি বইও উদ্ধার করা হয়। আটককৃতরা ‘আনসারুল্লাহ বাংলা টিম’ বা ‘আনসার আল ইসলাম’ নামে জঙ্গি সংগঠনের সদস্য বলেও দাবি করেছে র্যাব। আটককৃতরা হলেন, পুঠিয়া উপজেলার ভরুয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হায়াতুল্লাহ রুবেল ওরফে মাসুদ (৩২), আবদুল গাফফারের ছেলে আবদুর রহিম (৩০), বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৩০) ও সুলতান সোনারের ছেলে মিজানুর রহমান ওরফে মেজা (৩২)।
সোমবার সন্ধ্যায় তাদের আটকের পর মঙ্গলবার দুপুরে র্যাব-৫ এর সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এ সময় র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, দীর্ঘদিন ধরেই এই চার ব্যক্তি জঙ্গি সংগঠন আনাসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত।
তিনি বলেন, পুঠিয়া থানার একটি মামলার সূত্র ধরে র্যাবের নিজস্ব অনুসন্ধানের পর বিষয়টি নিশ্চিত হয়েই তাদের আটক করা হয়েছে।
মাহবুবুল আলম জানান, র্যাবের গোয়েন্দা শাখা তথ্য পায়- সংগঠনটির কিছু সক্রিয় সদস্য নাশকতার পরিকল্পনা করতে সোমবার সন্ধ্যায় পুঠিয়ার বগারটেক ক্ষুদ্র জামিরা গ্রামের এক কলাবাগানে বৈঠক করবে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাসুদ, রহিম ও মেজাকে আটক করা হয়।
তখন মাসুদের কাছে দুটি, রহিমের কাছে একটি এবং মেজার কাছে দুটি জিহাদি বই পাওয়া যায়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই মুকুল হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বাড়িতেও মেলে দুটি জিহাদি বই।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক সবাইকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি মামলাও। সংগঠনটির অন্য সদস্যদের গ্রেপ্তারে র্যাবের অভিযান চলছে বলেও জানিয়েছে বাহিনীটি।


