নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীতে বজ্রপাতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম আসিফ যুবায়ের শুভ (২৫)। সে নগরীর দড়িখরবোনা এলাকার হাসান আলীর ছেলে। শুভ নর্দান ইউনিভার্সিটির ঢাকা ক্যাম্পাসের শিক্ষার্থী ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়। শুভ বৃষ্টির পানিতে ভিজতে বাড়ির বাইরে বের হয়। এ সময় বজ্রপাতে আক্রান্ত হয় শুভ। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


