রায় দেওয়া আদালতের ব্যাপার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও হাসপাতালের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রায় দেওয়া আদালতের ব্যাপার। এখানে সরকারের করার কিছু নেই। কেউ যদি দোষী হয় তার শাস্তি হবে, নির্দোষ হলে খালাস পাবে। এই রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এটি আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে। এখানে আওয়ামী লীগের কিছু করণীয় নেই।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্যাতনের প্রশ্নই ওঠে না। যারা হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলা চালিয়েছে, একটি রায়কে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে। পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই করেছে। এ ধরনের রাজনৈতিক দল সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলার স্বার্থে জননিপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনী সব করবে। নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নির্বাচন এখনও অনেক দূরে আছে। আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে জোটবদ্ধভাবে হবে।

পরে মন্ত্রী আড়াইহাজারে সৈয়দ মঞ্জুর স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া।