রোহিঙ্গাদের জন্য আরো ৮৫ টন ত্রাণ দিয়েছে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরো ৮৫ টন ত্রাণ দিয়েছে যুক্তরাজ্য (ইউকে)।

শুক্রবার সকালে ত্রাণ নিয়ে যুক্তরাজ্যের একটি কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান বাংলাদেশ সরকারের পক্ষে ত্রাণ সহায়তা গ্রহণ করেন। যুক্তরাজ্যের পক্ষে ইউকে ইন্টারন্যাশনাল এইড বিভাগের কর্মকর্তা মার্ক কুইন এ সব ত্রাণ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

যুক্তরাজ্যের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৪৭৮ পিস তাঁবু, ২০ হাজার পিস কম্বল এবং ১০ হাজার ৫০০ পিস মাদুর। যুক্তরাজ্যের এই ত্রাণ সহায়তা শিগগিরই কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রোহিঙ্গাদের জন্য ৯৮ টন ত্রাণ পাঠিয়েছে যুক্তরাজ্য।