লালমনিরহাট বুড়িমারী সীমান্তে বিএসএফে’র গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ২৪ ঘন্টা পর ফেরত দিল ভারতীয় পুলিশ

এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি  ফরিদ হোসেনের (২৪) লাশ ২৪ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতের কোচবিহার জেলার মেখলীগঞ্জ থানার পুলিশ।

বৃহস্পতিবার সন্ধায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট এলাকায় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশ পাটগ্রাম থানার পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করেন। এ সময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানী কমান্ডার সুবাশ চন্দ্র, বিএসবাড়ী কোম্পানি কমান্ডার সুরেশ শর্মা ও রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ানের বুড়িমারী কোম্পানি কমান্ডার আব্দুল বাতেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত পথে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ফরিদসহ কয়েকজন রাখাল সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এসময় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হন।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবীর বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি ফরিদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (টুআইসি) মেজর সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় চোরাকারবারী ঠেকাতে বিজিবি-বিএসএফের টহল জোরদার করা হয়েছে। এবং ভবিষ্যতে বিএসএফ নির্দিষ্ট কারণ ছাড়া গুলি করবে না এ মর্মে প্রতিশ্রুতি দিয়েছে।