চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক বিষয়ে নতুন দফার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে একটি বৃহত্তর সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) প্রস্তুত হচ্ছে। এতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয় রয়েছে। এর মধ্যে লেবাননেও আগ্রাসনের মাত্রা কমানোর উদ্যোগ অন্তর্ভুক্ত থাকতে পারে। এর বিনিময়ে ইরান শর্ত মানলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।
এতে আরও বলা হয়, এই সমঝোতার অংশ হিসেবে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে, যেখানে কোনো ট্রানজিট ফি থাকবে না।
এ ছাড়া অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্রের চারটি বিমান ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছে। এগুলোতে এমন সরঞ্জাম রয়েছে যা সম্ভাব্য চুক্তিতে স্বাক্ষরের জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ব্যবহার করতে পারেন।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই


