নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুই ট্রাক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. সোহান ও সালাউদ্দিন।
পুলিশ জানায়, শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পৌঁছে ইঞ্জিন বিকল হয়। এ সময় একই সিমেন্ট কোম্পানির অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকটিকে উদ্ধারে ঘটনাস্থলে আসে। বিকল হওয়া ট্রাকটিকে টেনে নেওয়ার জন্য দুই ট্রাকের মাঝে দড়ি লাগাতে যান দুই চালক।
এ সময় ঢাকাগামী কাঁচামাল বোঝাই অপর একটি দ্রুত গতির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল হওয়া ট্রাকটিকে জোরে ধাক্কা দেয়। এতে সিমেন্ট কোম্পানির ট্রাক দুটির মাঝখানে চাপা পড়ে সোহান ও সালাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।
সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


