সাতক্ষীরা : সুন্দরবনগামী পিকনিকের ট্রলারে তল্লাশি চালিয়ে র্যাব-৬ এর সদস্যরা বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে সাতক্ষীরার আশাশুনী উপজেলার মানিকখালী খেয়াঘাটে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজুল হক (৬০) ধুলিহর গ্রামের মৃত কোরবান আলী ছেলে। স্থানীয়রা জানায়, আশাশুনী উপজেলার বুধহাটা এলাকার বেতনা নদী থেকে ট্রলার এনবি কাজী এন্ড তুহিন পরিবহন ৫০-৬০ জন লোক নিয়ে পিকনিক করতে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মানিকখালী খেয়াখাট এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট জাহিদুল কবিরের নেতৃত্বে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় ট্রলারে র্যাব সদস্যরা ব্যাপক তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় তিনটি স্থানে লুকিয়ে রাখা একনলা বন্দুকের খণ্ড খণ্ড অংশ ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ছাড়া ছুরি, চাপাতি সহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ট্রলারটির সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র বাতিলের জন্য র্যাব বন বিভাগকে অনুরোধ জানায়। শেষ পর্যন্ত অনুমতি বাতিল হওয়ায় তাদের যাত্রা মানিকখালীতে শেষ হয়। ট্রলারের কয়েকজন যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, আশাশুনীর মানিকখালী খেয়াঘাটের কাছাকাছি পৌঁছালে র্যাব সদস্যরা ট্রলারযোগে তাদের ধাওয়া করে। এই সময় তারা ট্রলার আটকে তল্লাশি চালায়। এতে তারা বন্দুক, গুলি ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আশাশুনী উপজেলার ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা বলেন, র্যাব সদস্যরা মানিকখালী খেয়াঘাট থেকে একটি ট্রলার আটক করে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ছেড়ে দিয়েছে। তারা গ্রামে ফিরে এসেছে।


