সৌদি আরবের জিজান অঞ্চলে রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র একটি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সৌদি কর্তৃপক্ষ আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে। তবে এটি হুথিদের ড্রোন হামলা কিনা, তা জানায়নি।
রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, একটি ড্রোন দিয়ে জিজানের শোধনাগারটি ‘নির্ভুলভাবে’ লক্ষ্যবস্তু করা হয়েছে।
সারি দাবি করেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের ড্রোন অনুপ্রবেশের জবাবেই এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় গোয়েন্দা ও নজরদারি ড্রোন উড়িয়েছে সৌদি।
ইয়েমেনি সামরিক বাহিনীর মতে, সৌদি আরবের এসব ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিক্রিয়া হিসেবেই আরামকোর স্থাপনাটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে জিজানে সৌদি আরামকোর একটি স্থাপনায় আগুন লাগে এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সৌদি কর্তৃপক্ষ হামলা বা আগুন লাগার কারণ জানায়নি।
তবে হামলায় শোধনাগারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


