হিন্দুপল্লীতে হামলাঃ দ্রুত অভিযোগপত্র দেবে পুলিশ

জেলা প্রতিবেদকঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দুপল্লীতে হামলায় দায়ের করা মামলার অভিযোগপত্র সর্বোচ্চ গুরুত্বসহকারে দ্রুত আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

রোববার (২১ মার্চ) হামলার ঘটনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান। দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৬ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুমন দাস আপন শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ঝুমন দাস তার ফেসবুক আইডি থেকে হেফাজতে ইসালামের কেন্দ্রীয় নেতা ও সংগঠনের যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হককে আপত্তিকর মন্তব্য করার পরিপ্রেক্ষিতে দিরাই ও শাল্লা উপজেলার কয়েকটি গ্রামের উত্তেজিত মুসলিম জনতা এর প্রতিবাদ করে। তারা আপত্তিকর স্ট্যাটাস দেয়ার বিষয়টি মাইকে প্রচার করেন। প্রচারের পর তারা একত্র জড়ো হয়ে ১৬ মার্চ রাতে নোয়াগাঁও গ্রামে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনার সংবাদ পেয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সেখানে সরেজমিনে গিয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঝুমন দাস আপনকে গ্রেফতার করে এবং আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথা বলেন। এ সময় উত্তেজিত জনতা পুলিশ ও উপজেলা প্রশাসনের আশ্বাসে বাড়ি ফিরে যায়। এ সময় নোয়াগাঁও গ্রামের পার্শ্ববর্তী দাড়াইন বাজারে একজন এসআই ও একজন এসএসআইসহ পুলিশ ফোর্স মোতায়ন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি শাল্লা উপজেলা পরিষদ চত্বরে প্রোগাম পালন করতে ছিলেন। প্রোগ্রাম চলমান অবস্থায় সংবাদ আসে যে শাল্লা উপজেলার কাশীপুর ও দিরাই উপজেলার চন্ডীপুর, নাচনী, চন্দ্রপুর ও ধনপুর গ্রামের এক থেকে দেড় হাজার উত্তেজিত জনতা দা, লাঠিসোঁটা নিয়ে ঝুমন দাসের বাড়ি আক্রমণ করার উদ্দেশ্যে রওনা হয়েছে। এ খবর পেয়ে দ্রুত দিরাই ও শাল্লা থানার পুলিশ ফোর্স ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল নোয়াগাঁও গ্রামের দারাইন নদীসংলগ্ন উত্তর পশ্চিমপাড়ে অবস্থান করেন। তার কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু নোয়াগাঁও গ্রামের উত্তর পূর্ব অংশ অরক্ষিত থাকায় উত্তেজিত জনতা দাড়াইন নদী পাড় হয়ে ঝুমন দাস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুলের বাড়িঘর ভাঙচুর করে।

পরে পুলিশ সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা নদী পাড় হয়ে চলে যায়। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‌্যাবের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার ও সিলেট রেঞ্জের ডিআইজি। নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী হিসেবে নগদ টাকা, ঢেউটিন, জিআরের চাল বরাদ্দ দেয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হচ্ছে। নোয়াগাঁও গ্রামে ও ধনপুর গ্রামে ১৫ সদস্যের দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি ও ইউপি চেয়ারম্যান বাদী হয়ে শাল্লা থানায় আরেকটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত প্রধান আসামিসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, অপরাধী পরিচয় অপরাধী তার অন্য কোনো পরিচয় নেই। আইনশৃঙ্খলা বাহিনী একজন অপরাধীকে অপরাধী হিসেবে দেখবে। মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে দিনরাত পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ছাড়া সাদা পোশাকে ভিন্ন ভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে। প্রতিদিনই অভিযান চলছে। এ মামলার অভিযোগপত্র সর্বোচ্চ গুরুত্বসহকারে দ্রুত আদালতে দাখিল করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মো. সাহেব আলী পাঠান, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমানসহ সুনামগঞ্জে কর্মরত গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।