৯ ট্রাক খাদ্যদ্রব্য বিতরণ করবেন খালেদা জিয়া

উখিয়া থেকে : রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেওয়ার উদ্দেশে নিয়ে যাওয়া ৪৫টি ট্রাকের মধ্যে ৩৬টি ট্রাক সেনাবাহিনীর কাছে বণ্টনের জন্য হস্তান্তর করা হয়েছে। বাকি নয়টি ট্রাকের খাদ্যদ্রব্য ১১ হাজার পরিবারের মধ্যে বণ্টন করবেন খালেদা জিয়া। সোমবার দুপুর পৌনে ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় পৌছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা গেছে, খালেদা জিয়া নয়টি ট্রাকের ত্রাণ উখিয়ার ময়নার গোলার শফিউল্লাহ কাতার ডালা রোহিঙ্গা ক্যাম্প, বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্প, বোয়ালমারা রোহিঙ্গা ক্যাম্প ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বিতরণ করবেন। রোহিঙ্গাদের জন্য ত্রাণের প্রতিটি ব্যাগে ১০ কেজি করে চাল আছে। এ ছাড়া, ৫ হাজার মা ও প্রসূতি নারীর জন্য উন্নত জাতের খাদ্য এবং ৫ হাজার শিশুর জন্য উন্নত খাবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিতরণ করা হবে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে ৪৫ ট্রাক ত্রাণ নিয়ে রওনা দেন বিএনপির চেয়ারপারসন। দলীয় সূত্র জানিয়েছে, মোট ১১ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ও খাদ্য সামগ্রী থাকবে ৪৫টি ট্রাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মীর্জা আব্বাস ৩৬টি ত্রাণভর্তি ট্রাক সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন। রোববার রাত ৮টা ৫মিনিটে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছান খালেদা জিয়া। দুপুর সোয়া ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিপুল সংখ্যক নেতা-কর্মী চট্টগ্রাম সার্কিট হাউজে যান। এ ছাড়া চট্টগ্রাম মহাসড়কের রাস্তার দুপাশে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে থাকেন নেতা-কর্মীরা। খালেদা জিয়াও যাত্রাপথে গাড়ির গ্লাস নামিয়ে তাদের অভিবাদনের জবাব দেন। এর আগে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাদের ত্রাণ দিতে শনিবার সকালে ঢাকা থেকে রওনা দেন বিএনপি নেত্রী। পথের মধ্যে ফেনীতে যাত্রা বিরতি শেষে রাত ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান। চট্টগ্রামে বিপুল সংখ্যক নেতা-কর্মীর চাপে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান রাত সাড়ে ১০টার দিকে।