সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সিঃ ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ‘মাস্টার’ নামধারী নূরে আলমকে ঘিরে নানা অভিযোগ ও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি বিগত আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ভাই পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন।
অনুসন্ধানে জানা যায়, নূরে আলম ‘মাস্টার’ নামে পরিচিত হলেও তিনি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নন। তার এই পরিচয়ের পেছনে রয়েছে রহস্যময় এক কৌশল, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী আব্দুর রশিদের ছেলে নূরে আলমের বাড়ি চরফ্যাশন উপজেলার আয়েশাবাগ এলাকার আসলামপুরে। এলাকাবাসীর দাবি, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে প্রায় অচেনা থাকা এই ব্যক্তি বর্তমানে বিপুল সম্পদের মালিক হয়েছেন, যার পরিমাণ শত কোটি টাকার কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।
চরফ্যাশন উপজেলায় তার মালিকানাধীন বিভিন্ন স্থাপনা ও ব্যবসার মধ্যে রয়েছে—রুপালি ব্রিকস, রূপালী ডায়াগনস্টিক সেন্টার, রুপালি মাছের আড়ৎ, চরফ্যাশন আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে পাঁচতলা ভবন, এতিমখানার দক্ষিণ পাশে ‘মোল্লা ডোর’ নামে ভাড়া দেওয়া জমি এবং চরফ্যাশন বাজারে ১১টি ভিটির মালিকানা। এছাড়াও তার নামে-বেনামে আরও সম্পদ রয়েছে বলে অভিযোগ রয়েছে।
একই এলাকার বাসিন্দা অজিউল্লাহ মেম্বার সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-কে জানান, “নূরে আলম মাস্টার বর্তমানে দুই কুলের সুলতান। আওয়ামী লীগ সরকারের সময় যেমন প্রভাবশালী ছিলেন, এখনও তেমনি সগৌরবে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছেন। তিনি যেন একপ্রকার অঘোষিত মুকুটহীন সম্রাট।”
স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের মতে, এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।
অনুসন্ধান চলমান…


