ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে গ্রাহকের টাকা উধাও: দায় কার?

সংবাদদাতা: রাজধানীর কামরাঙ্গীরচর শাখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি থেকে এক গ্রাহকের ৩ লাখ ৬ হাজার ১৯৫ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। বিস্ময়কর বিষয় হলো, এ অর্থ লেনদেনের বিষয়ে গ্রাহকের মোবাইলে কোনো ধরনের মেসেজ বা নোটিফিকেশনও পৌঁছেনি।
ভুক্তভোগী গ্রাহক জরুরি প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে জানতে পারেন, তার অ্যাকাউন্টে কোনো অর্থ নেই। বিষয়টি জানার পরপরই তিনি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগ অনুযায়ী, ব্যাংক কর্তৃপক্ষ তাকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়। শাখা প্রধানের পরামর্শ অনুযায়ী গ্রাহক কামরাঙ্গীরচর থানায় ০৯/০৪/২০২৬ তারিখে জিডি (নং-৫০৫) করেন।
এরপর ১৩/০৪/২০২৬ তারিখে গ্রাহক লিখিতভাবে ব্যাংক শাখা প্রধানকে অবহিত করেন যে, তার অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে টাকা পাচার হয়েছে।
গ্রাহক ব্যাংক থেকে স্টেটমেন্ট সংগ্রহ করে দেখতে পান, বিকাশ ও নগদ নম্বরের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-এর পক্ষ থেকে কামরাঙ্গীরচর শাখার ব্যাংক ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি জানান, “গ্রাহক কারও সঙ্গে বিদেশ যাওয়ার বিষয়ে কথা বলেছিলেন বলে উল্লেখ করেছেন। তবে তিনি সুনির্দিষ্টভাবে কার সঙ্গে কথা হয়েছে তা বলতে পারেননি। সেখান থেকেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
প্রতিবেদকের পক্ষ থেকে প্রশ্ন করা হয়—এক লাখ টাকা উত্তোলনের ক্ষেত্রেও যেখানে গ্রাহকের মোবাইলে মেসেজ বা ফোন কলের মাধ্যমে নিশ্চিতকরণ করা হয়, সেখানে এত বড় অঙ্কের টাকা স্থানান্তরের ক্ষেত্রে কেন কোনো সিকিউরিটি অ্যালার্ট বা নোটিফিকেশন দেওয়া হয়নি?
জবাবে ব্যাংক ম্যানেজার বলেন, “আমাদের সিকিউরিটি সিস্টেম সচল রয়েছে। তবুও কীভাবে গ্রাহকের টাকা উধাও হলো, সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
ঘটনাটি ব্যাংকিং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা গ্রাহকের আস্থার জন্য হুমকিস্বরূপ এবং দ্রুত তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করা জরুরি।
অনুসন্ধান চলমান…