রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরো: রোদের তীব্রতা বাড়ার সাথে পাল্লা দিয়েই বাড়ে নগরীর লালদিঘীর মাঠে মানুষের ভিড়ও। সে সঙ্গে বলিদের (কুস্তিগির) সংখ্যাও বাড়ে। নিজেদের শক্তি প্রদর্শন করতে বিশ বছরের তরুণ থেকে ৫৫ বছরের বৃদ্ধারাও হাজির। সব মিলিয়ে বলির সংখ্যা দাঁড়ায় ৬২ জনে। এবারের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১০তম আসরে গতবারের চ্যাম্পিয়ন কক্সাবাজারের চকরিয়ার তারিকুল আলম জীবন বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কুমিল্লার শাহ জালাল বলী। সেই সঙ্গে তিনি গতবারের হারেরও প্রতিশোধ নিলেন জীবন বলিকে পরাজিত করে।
জব্বারের বলীর খেলার রেফারি সাবেক কাউন্সিলর আবদুল মালেক বলেন, জীবন বলী ও শাহ জালালের মধ্যে প্রায় আধা ঘন্টা লড়াই চলে। কেউ কাউকে পরাজিত করতে পারছিল না। এর আগের বছরগুলোতেও এমন দৃশ্য আমরা দেখেছি। অনেক সময় বলীরা নিজেদের মধ্যে সমঝোতা করে কেউ কাউকে হারাতে চায় না। যাতে যুগ্মভাবে চ্যাম্পিয়ন করা হয়। এভাবে সেটা ঘটেনি। শেষ পর্যন্ত শাহ জালালই জয়ের মুকুট নিজের করে নেন।
সেমিফাইনালে কুমিল্লার শাহ জালালের মুখোমুখি হন কক্সবাজার মহেশখালীর সাহাবউদ্দিন বলী। শাহ জালাল ২০১৮ সালে রানার আপ হয়েছিলেন। অপর খেলায় মুখোমুখি হন চকরিয়ার জীবন বলী ও মহেশখালীর মো. হোসেন। এ খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১০ মিনিটের লড়াই শেষে টসে ফাইনালের টিকিট পান জীবন বলী। যিনি ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। শাহ জালাল ও জীবন বলীর মধ্যে দীর্ঘক্ষণ লড়াই শেষে দুই পয়েন্ট জিতে চ্যাম্পিয়নের শিরোপা জয় করেন শাহজালাল বলী। ঘড়ির কাটা ঠিক সন্ধ্যা ৫টা ৯ মিনিট ছুঁই ছুঁই করলে ঠিক তখনই কুস্তি প্রতিযোগিতার দুই বিচারক শাহ জালাল বলীকে বিজয় ঘোষণা করেন।

এবার বলীখেলায় চ্যাম্পিয়নকে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি এবং রানার আপকে নগদ ১৫ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। এ ছাড়া ২৫ বলীকে নগদ ১ হাজার টাকা ও একটি করে ট্রফি দেওয়া হয়। অন্য বলীদের ভাগ্যে জুটে আরও কম টাকা। বলী খেলার সবচেয়ে বড় আয়োজন বলে স্বীকৃত হলেও বলীদের যোগ্য সম্মান দেওয়া হয় না-আয়োজকদের বিরুদ্ধে এই অভিযোগও বছরের পর বছর চলমান। অথচ এখন নানা করপোরেট প্রতিষ্ঠান এই বলীখেলার পৃষ্টপোষকতা করছে।
উল্লেখ, ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে এ প্রতিযোগিতার সূচনা করেন।
জব্বারে বলী খেলা লালদিঘীর মাঠে বিকেল চারটায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।
টেলিফোনে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যান্ড ডেপুটি সিইও ইয়াসির আজমান।


