অমল ঘোষ,টঙ্গী প্রতিনিধি ঃ টঙ্গীতে কারখানার ওয়েস্ট্রজ মালের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ প্রাণ গেল নিরীহ ট্রাক চালকের। এ ঘটনায় টঙ্গী ট্রাক টার্মিনালে উত্তেজনা বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতিতে টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ট্রাক চালকের নাম আব্দুর রাজ্জাক হোসেন ওরফে শিমুল চৌধুরী (২৭)।
পরিবহন শ্রমিকরা জানান, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহŸায়ক সাইফুল ইসলাম টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে ন্যাশনাল পলিমার কারখানায় দীর্ঘ দিন ধরে ব্যবসা করেন। তাকে সেখান থেকে তাড়িয়ে এককভাবে কারখানার ওয়েস্ট্রজ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া ও তার ছোট ভাই স্বেচ্ছাসেবকলীগ নেতা নূর মুহাম্মদ মামুন চেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে যুবলীগ নেতা সাইফুলের সাথে সেলিম-মামুন গ্রæপের বিরোধ চলছিল। কারখানার বাতিল মালের ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা করতে আওয়ামীলীগ নেতা সেলিম ও তার ভাই মামুন গত সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে এলাকায় নিয়ে সংবর্ধনা দেয়। কিন্তু ওয়েস্ট্রজ ব্যবসায় এই বিরোধের বিষয়টি প্রতিমন্ত্রী অবগত ছিলেন না। তারা প্রতিমন্ত্রীকে বিভ্রান্ত করে এ সংবর্ধনা দেওয়ার পর গত বুধবার দলবল নিয়ে ন্যাশনাল পলিমারের সামনে সশস্ত্র মহড়া প্রদর্শন করে এবং কারখানার ওয়েস্ট্রজ নিতে সর্বাত্মক প্রস্তুতি নেয়। এ অবস্থায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম পরিস্থিতি মোকাবেলা করার জন্য সমর্থকদের এলাকায় ডেকে পাঠায়।
গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও যুবলীগ নেতা আফজাল তালুকদার বলেন, ‘আমরা সাংগঠনিক কাজে প্রায়ই সাইফুল ভাইয়ের অফিসে দেখা করতে যাই। বুধবার বিকেলে সাইফুল ভাই কিছু লোক নিয়ে যাওয়ার জন্য আমাকে ফোন দেন। আমরা ২০-২৫ জন নেতাকর্মী একটি পিকআপ ভ্যানে করে সাইফুল ইসলামের স্থানীয় দেওড়া কাঠালদিয়া টেকের বাড়ির অফিসে যাচ্ছিলাম। ন্যাশনাল পলিমার কারখানা অতিক্রম করে আওয়ামীলীগ নেতা সেলিম হোসেনের কার্যালয়ের সামনে রোড ব্রেকার পার হওয়ার সময় সেলিমের ছোট ভাই স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুনের নেতৃত্বে শতাধিক উশৃংখল যুবক আমাদের গাড়িতে অতর্কিতে হামলা চালায়। কোন কিছু বুঝে উঠার আগেই তারা লাঠি শোঠা ও দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আমাদের অন্তত ১০ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে ট্রাক চালক আব্দুর রাজ্জাক হোসেন ওরফে শিমুল চৌধুরী বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীনে ঢাকার একটি হাসপাতালে মারা যায়।’ শিমুলের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ গ্রামে। এদিকে বৃহস্পতিবার বিকেলে নিহত শিমুলের লাশ টঙ্গী ট্রাক টার্মিনালে আনা হলে সহকর্মীরা লাশ ঝাপটে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় টার্মিনালে শোকের ছায়া নেমে আসে। এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচী ঘোষণা করা হবে বলে পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা জানান। বৃহস্পতিবার বাদ আসর টঙ্গী ট্রাক টার্মিনালে নিহতের নামাজে জানাযা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
এব্যাপারে আলোচিত আওয়ামীলীগ নেতা সেলিম মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
তার সহোদর মামুনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, যুবলীগ নেতা সাইফুল ন্যাশনাল পলিমারে দীর্ঘ দিন যাবত এককভাবে ব্যবসা করে আসছে। এতে এলাকাবাসী তার প্রতি ক্ষুব্দ। বুধবার বিকেলে সাইফুলের কর্মী আলামিন ট্রাক স্ট্যান্ড থেকে লোক নিয়ে এলাকায় গেলে তাদের নিজেদের মারামারিতে একজন নিহত হয়েছে।
এদিকে সেলিম-মামুনের ফুফাত ভাই যুবলীগ নেতা সাইফুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বাসায় দলীয় নেতাকর্মীরা আসার পথে সেলিমের অফিসের সামনে বিনা উস্কানীতে মামুনের নেতৃত্বে অতর্কিতে হামলা চালিয়ে ১০ জনকে আহত করে। তাদের মধ্যে ইতিমধ্যে চিকিৎসাধীনে একজন যুবলীগ কর্মী মারা গেছেন। বিএনপি থেকে কয়েকদিন আগে আওয়ামীলীগে যোগদানকারীরা মামুনের নেতৃত্বে এ হামলা চালায় বলেও সাইফুল ইসলাম দাবী করেন।
এব্যাপারে জিএমপির টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


