টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গী ৫৫ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সদ্য ঘোষিত কমিটিতে এক মাদক ব্যবসায়ীকে সভাপতি’র দায়িত্ব দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম সীমা আক্তার (২৬)। মাদকসহ র্যাব ও পুলিশের হাতে বেশ কয়েকবার গ্রেফতার হয়ে হাজত বাস করেছে সে। তার নামে টঙ্গী পশ্চিম থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার আপন ছোট ভাই ইয়াসিন মোল্লা একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। এ বিষয়ে এলাকাবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত ১৯ জানুয়ারী, ২০২২ইং গাজীপুর মহানগরের ৫৫ নং ওয়ার্ড যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়। মাদকে জড়িত থাকা ব্যক্তিকে সভাপতি পদ দেওয়ার পর থেকে এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও বিতর্ক। স্থানীয় ও মহানগরের নেতৃবৃন্দ পরস্পরকে দোষারোপ করছেন। টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের কমিটি দেওয়ার পরও বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে সীমার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদক মামলা নং ১৮, তাং ১৭/০৩/২০১২ইং ধারা ১৯(১) এর ৭(ক)/২২(গ), মামলা নং ৪১, তাং ২১/০৪/২০১৭ ইং ধারা ১৯(১) এর ১(ক)/২৫, ১৯৯০ সালের মাদক আইন। মামলা নং ২৮, তাং ৩০/০১/২০১৯ ইং ধারা, ৩৬(১) সারনির ৯(ক)/৪১, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এ বিষয়ে যোগাযোগ করা হলে সীমা আক্তার বলেন, আমি এক সময় টুকিটাকি মাদকের সাথে জড়িত ছিলাম কিন্তু গত ৩/৪ বছর যাবত আমি বিন্দুমাত্র জড়িত নাই। আমি ভালো হতে চাই। এজন্য আমাকে একটি সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দে কাছে অনুরোধ জানাচ্ছি।
টঙ্গী পশ্চিম থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিল্পী আক্তার বলেন, সীমার বিষয়ে পূর্বে আমরা যাদেরকে জিজ্ঞাসা করেছি তারা ভালো বলেছে। হয়তো তারা আমাদের কাছে তথ্য গোপন করেছেন। টঙ্গী পশ্চিম থানা যুব মহিলা লীগের সভাপতি নাছরিন আক্তার বলেন, স্থানীয় আওয়ামীলগের নেতৃবৃন্দ সীমার নাম দিয়েছে। তবে মাদকে সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
গাজীপুর মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আনোয়ারা সরকার আনু বলেন, তার বিষয়ে আমরা থানায় খোঁজ খবর নিচ্ছি। সে যদি সত্যি মাদকের সাথে জড়িতে থাকে তবে আমরা কমিটি বাতিল করে দেব।
গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক রুহুন নেছা রুনা জানান, শুনেছি সে এক সময় মাদকের সাথে জড়িত ছিল। তবে সে প্রতিজ্ঞা করেছে আর কোনদিন মাদকের সাথে জড়াবে না। তাই আমরা তাকে একটি সুযোগ দিয়েছি। পরবর্তীতে মাদকে তার সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেব।
গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন জানান, আমার ওয়ার্ডের একজন মাদক কারবারির নাম থাকায় খোঁজ নিয়ে জানতে পেরেছি রেজাউল ও দেলোয়ার ওর বিষয়ে তদবির করেছিল।
যোগাযোগ করা হলে ৫৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক দেলোয়ার হোসেন বলেন, সীমাকে কমিটিতে রাখার জন্য আমি সুপারিশ করেছিলাম। তবে যাচাই-বাছাই করে দেওয়ার কথা বলেছিলাম। যোগাযোগ করা হলে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাাদক (বহিস্কৃত) রেজাউল করিম জানান, আমি সীমার ব্যাপারে কোন তদবির করিনি। তবে আলেয়া নামে একজনের ব্যাপারে সুপারিশ করেছি যে ওই কমিটির সাধারণ সম্পাদক।
টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি মনির আহম্মেদ বলেন, ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের অভিভাবক হিসেবে বহুদিন দায়িত্ব পালন করছি। কিন্তু এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, সীমা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিল। তাকে পর্যবেক্ষনে রেখেছি। গত দুই বছর যাবত সে মাদকের সাথে জড়িত নেই। তবে মাদকের সংশ্লিষ্টতা পেলে অবশ্যই পূনরায় তাকে আইনের আওতায় আনা হবে।


