অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা গ্রæপের একদল দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী শৈলারগাতী এলাকায় যুবলীগ নেতা আলী হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে। সন্ত্রাসীদের হামলায় আলী হোসেন এবং তার ছেলে রেজাউল ইসলাম গুরতর আহত হয়েছে। ঘটনার পর থানা ছাত্রলীগ নেতা সোহেল রানার দলীয় অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে শুক্কুরের নেতৃত্বে অপর একটি পক্ষ।
এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬ যুবক নাজমুল, সাদ্দাম, আরিফ, জসিম, নাঈম, তনুকে আটক করলেও আরিফ, জসিম, নাঈম, তনুকে ছেড়ে দিয়েছে পুলিশ। অপর ২ যুবক নাজমুল ও সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে। এনিয়ে দু-গ্রæপের মধ্যে চরম উত্তেজনা ও এলাকায় আতংক বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে যুবলীগ ও ছাত্রলীগকর্মী খুন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্যাক্টরীর পরিত্যক্ত মালামাল নামানোর বিষয়ে সংগঠিত ঘটনাবলী টঙ্গীর আওয়ামীগের জন্য অশনিসংকেত বলে মনে করছেন এলাকাবাসি।
যুবলীগ নেতা আলী হোসেন অভিযোগ করে বলেন, গাজীপুর সিটি’র ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও টঙ্গী থানা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নুরুর নেতৃত্বে ছাত্রলীগ নেতা সোহেলে রানার সহযোগী ১৫/২০ জন যুবক শনিবার বিকেলে তার স্থানীয় শৈলারগাতির বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তার ঘরে জোরপূর্বক প্রবেশ করে যাবতীয় মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। তাকে ঘর থেকে তুলে নিয়ে টেনেহিঁচড়ে বাড়ির পাশে মাদ্রাসা মাঠে নিয়ে প্রকাশ্যে মারধর করে। এছাড়াও তার ভার্সিটি পড়ুয়া ছেলেকে মারধরসহ পরিবারের সদস্যের ওপর চড়াও হয় বলেও অভিযোগ যুবলীগ নেতার। সিসিটিভির ফুটেজে কাউন্সিলর নুরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা সোহেল রানার সহযোগী যুবকদের উপস্থিতিসহ কাউন্সিলর নুরুর উচ্চ বাক্য করার প্রমাণ রয়েছে বলেও তিনি জানান।
আলী হোসেন বলেন, আমার নেতৃত্বে স্থানীয় ফাইসন্স রোডে ওয়ার্ড আওয়ামীলীগের অফিস উদ্বোধন করায় কাউন্সিলর নুরু প্রতিহিংষা চরিতার্থ করতে সোহেল রানার লোকজন নিয়ে এ হামলা চালিয়েছে। অপরদিকে এঘটনার পর রাতে যুবলীগ কর্মী নতুন বাজারের বাসিন্দা মো. শুক্কুর ওরফে ভাগ্নে শুক্কুরের নেতৃত্বে ছাত্রনেতা সোহেল রানার দলীয় অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এসময় ৩৯ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেনের ছেলে সোহেলের একটি পার্কিং করা প্রাইভেটকার ভাংচুর করেছে।
আহত আলী হোসেনের ছেলে রেজাউল ইসলাম বলেন, আমার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য আমি ও আমার বৃদ্ধ দাদা কাউন্সিল নুরুর পায়ে ধরে কান্নাকাটি করি বাবাকে ছেড়ে দেওয়ার জন্য। এরপরও আমার বাবাকে মাঠে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করা হচ্ছে বলে জানায় রেজাউল।
এদিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ছাত্রলীগ নেতা সোহেল রানার দলীয় অফিসে অভিযান চালিয়ে দেশীয় ধাঁরালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২ যুবক নাজমুল, সাদ্দামকে জিজ্ঞাবাদের জন্য আটক করেছে বলে টঙ্গী পূর্ব থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান। তবে তিনি অপর ৪ জনকে আটকের বিষয়টি অস্বীকার করেন। এঘটনায় গতকাল বিকেলে শুক্কুর নামে আরও একজনকে আটক করা হয়েছে।
এব্যাপারে কাউন্সিলর নূরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শনিবার বাদ জোহর স্থানীয় মাদ্রাসা মাঠে তিনি একটি জানাজা শেষে ফেরার পথে যুবলীগ নেতা আলী আমার সঙ্গে ঐদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আলীর বাড়িতে হামলা চালায়। পরে তিনি সেখানে গিয়ে এলাকার ক্ষুব্ধ যুবকদের ফিরিয়ে নিয়ে আসেন। তিনি হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও খারাপ হতো বলেও তিনি দাবী করেন।
এব্যাপারে ছাত্রলীগ নেতা সোহেল রানার মুঠোফোনে বারবার যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।


