ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে হয়ে নিহত হামিদুলের পরিবারে শোকের মাতম

মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামাতে পুলিশের ছোড়া গুলিতে নিহত হামিদুল (৬৫) এর বাড়িতে পরিবারের আহাজারি ও শোকের মাতম । পরিবারের লোকজনদের ও স্বজনরা দাবি করছেন, হামিদুল কোনো প্রার্থীর সমর্থক ছিলেন না, ভোট দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। যদিও বিজয়ী মেম্বারের দাবি, তিনি পরাজিত প্রার্থীর সমর্থক ছিলেন।
গতকাল রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ আসাননগর সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে পুলিশের গুলিতে প্রাণ হারান হামিদুল। আজ সোমবার (২৭ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর দক্ষিণ আসান নগর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বিষয়টি  নিশ্চিত করেছেন।
আজ দুপুরে নিহত শহিদুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তার শোকে শোকাহত পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
এলাকাবাসী ও স্বজনদের দাবি, নিহত হামিদুল খুবই সহজ সরল মানুষ ছিলেন। তিনি কোনো দল বা কোনো প্রার্থীর সমর্থক ছিলেন না। তিনি ভোট দেখার জন্য কেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু জানতেন না যে, তাকে গুলিবিদ্ধ হয়ে মরতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
হামিদুলের স্ত্রী হাসিনা বলেন, সন্ধ্যার আগে আমার স্বামী বাড়ির পাশে বাজার করতে যান। তখন তিনি বাজারের কাছেই ভোট কেন্দ্রে দেখতে গিয়ে পুলিশের গুলি নিহত হন।
হামিদুলের মেয়ে হামিদা বলেন, ভোট দেখতে গিয়ে আমার বাবাকে মরতে হলো। আমার বাবাকে কেউ ফিরিয়ে দিতে পারবেন? এখন আমার অসুস্থ মায়ের কী হবে? আমি আমার বাবার হত্যার বিচার চাই।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, গতকাল রোববার ভোট গণনার পরে প্রিজাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করলে ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী পরাজিত হন। তখন ফুটবল প্রতীকের সমর্থকরা ভোট কারচুপির অভিযোগ এনে প্রিজাইডিং কর্মকর্তার ওপর হামলা করেন। পুলিশ ফাঁকা গুলি ছোড়ে কেন্দ্র ফাঁকা করে।
ওসি আরও বলেন, পরে ভোটের মালামাল নিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়িতে ফুটবল প্রতীকের সমর্থকরা আবারও হামলা চালায় এবং প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশকে আহত করেন। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ আবারও গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, নিহত ব্যক্তির মরদেহ পোস্টমর্টেম করে বিকেলে পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
ওই ওয়ার্ডের বিজয়ী মেম্বার মাসুদ রানা বলেন, শহিদুল আমার সমর্থক ছিলেন না। তিনি ফুটবল প্রতীকের সমর্থক ছিলেন।
এ বিষয়ে জানতে ফুটবল প্রতীকের পরাজিত মেম্বার প্রার্থী শাহ আলমের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হয় তার বন্ধ ছিল। তিনি পলাতক আছেন বলে জানা গেছে।
তবে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার বলেন, নিহত হামিদুল ফুটবল মার্কার সমর্থক ছিলেন।