ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগ্যতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের মুলাদী থানার নির্মাণাধীন মডেল ভবন ধসে পড়ার ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে মেসার্স মোদাচ্ছের আলী মল্লিক ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইসেন্স পাঁচ বছরের জন্য ডিফোল্ডার হিসেবে অর্ন্তভুক্ত করার জন্য সুপারিশেরও উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে গণপূর্ত বিভাগের বরিশাল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রদীপ কুমার বসু, নির্বাহী প্রকৌশলী রিপন বিশ্বাস ও মুলাদী উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন থানার নির্মাণাধীন ধসে পড়া ভবন পরিদর্শন করে এসব তথ্য জানান।

এ সময় তারা ছাদ ও পিলার (ভিত্তি) ধসে পড়া দেখে ঠিকাদারী প্রতিষ্ঠানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

বৃহস্পতিবর দুপুরে মুলাদী থানার নির্মাণাধীন মডেল ভবনের ছাদ ঢালাইয়ের সময় পিলারসহ ছাদ ধসে পড়ে।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন বিশ্বাস জানান, ২০১৭-২০১৮ অর্থ বছরে ৩ কোটি ২০ লাখ টাকা চুক্তিমূল্যে মুলাদী থানার মডেল ভবনের নির্মাণ কাজ পায় মোদাচ্ছের আলী মল্লিক ঠিকাদারী প্রতিষ্ঠান। ১৮ মাসের মধ্যে থানার ভবনের কাজ সমাপ্ত করার কথা রয়েছে। ঢালাইয়ের সময় পিলারসহ ছাদ ধসে পড়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইসেন্স পাঁচ বছরের জন্য ডিফোল্ডার হিসেবে অর্ন্তভুক্ত করার জন্য সুপারিশ করা হবে।

বরিশাল গণপূর্ত অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রদীপ কুমার বসু জানান, নির্মাণাধীন ভবনের ছাদ ও পিলার ধসে পড়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। পিপিআর অনুসারে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ হেডকোয়ার্টারে যোগাযোগ করে ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে পুনরায় টেন্ডারের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানকে কাজ দিয়ে ভবন নির্মাণ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মেসার্স হায়দার অ্যান্ড কোম্পানীর প্রতিনিধি ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নকীব খান জানান, মুলাদী থানার মডেল ভবন নির্মাণের জন্য ১ম বার দরপত্র আহ্বান করা হলে তিনি অংশগ্রহণ করেছিলেন। তৎকালীন সময়ে বেশ কয়েকটি যোগ্য প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করলেও রহস্যজনক কারণে সেই দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হয়। ২য় বার দরপত্রে মোদাচ্ছের আলী মল্লিক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পায় কিন্তু ওই প্রতিষ্ঠানটি নিজে কাজ না করে গণপূর্ত বিভাগের সঙ্গে চুক্তি লংঘন করে মৌখিক চুক্তিতে জনৈক শাহিন মিয়াকে দিয়ে কাজ করায় বলে অভিযোগ করেন তিনি।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, বৃহস্পতিবার সকালে ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। দুপুর আড়াইটার দিকে ছাদ ঢালাইয়ের শেষ মুহূর্তে পিলারসহ ছাদ ধসে পড়ে। এ সময় নয়ন নামে এক শ্রমিক আহত হন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তাদের অবহিত করেন।