ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটি অনুসন্ধানে একজন কর্মকর্তাকে অনুসন্ধানকারী এবং সংশ্লিষ্ট পরিচালককে তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এ তথ্য জানান।
দুদক জানায়, দুদকের প্রধান কার্যালয় থেকে ৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। এতে অভিযোগটি বিধি মোতাবেক অনুসন্ধান করে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ অনুসারে উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে অনুসন্ধানকারী কর্মকর্তা এবং পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১)-কে তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চিঠিতে অনুসন্ধানকারী কর্মকর্তাকে বিধি মোতাবেক অনুসন্ধান করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনে সুনির্দিষ্ট মতামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মতামত বা সুপারিশের পক্ষে প্রয়োজনীয় রেকর্ডপত্র চিহ্নিত করে সংযুক্ত করার কথাও বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, এ অভিযোগের বিষয়ে এর আগে ২০২৫ সালের ২১ ডিসেম্বর একটি স্মারক জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৮ জানুয়ারি অভিযোগটি অনুসন্ধানের জন্য ইআর (এনফোর্সমেন্ট রিকুইজিশন) সংক্রান্ত নথি তৈরি হয়। এসব প্রক্রিয়ার ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হলো।


