চলমান লকডাউনে গার্মেন্টস ও কলকারখানা খোলার নির্দেশনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা।
সরকারের ঘোষণা অনুযায়ী রোববার (১ আগস্ট) থেকে গার্মেন্টস ও কলকারখানা খুলে দেওয়ায় ঢাকায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ।
রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের নির্দেশনা থাকলেও পর্যাপ্ত গণপরিবহন না থাকায় কর্মজীবী মানুষ খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলযোগে গাদাগাদি করে গন্তব্যে ফিরছেন।
এতে একদিকে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে এসব কর্মজীবী মানুষদের। অন্যদিকে চরমভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে তাদের। ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক ও যাত্রীরা।
এসব কর্মজীবী মানুষের অভিযোগ, গণপরিবহন না খুলে গার্মেন্টস ও শিল্পকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে করোনা ঝুঁকিেআরো বাড়ছে। তবে চাকরি বাঁচাতে এভাবেই তারা কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন।
মহাসড়কে কর্তব্যরত পুলিশ জানায়, সরকারের নতুন প্রজ্ঞাপন জারি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কের বিভিন্ন এলাকায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছে।
এখন পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি।


