দুদকের ছদ্মবেশে অভিযান: দালালে ভরা চট্টগ্রাম পাঁচলাইশ পাসপোর্ট অফিস

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরো: হটলাইন ১০৬ নম্বরে ফোনের সূত্র ধরে গতকাল মঙ্গলবার সকালে নগরের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে পাসপোর্ট কার্যালয়ে দালালদের উপস্থিতি ও দৌরাত্ম্যের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়ে তদন্তসহ পরবর্তী কার্যক্রম পরিচালনায় কমিশনের কাছে অনুমোদন চাওয়া হবে।
দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ সহকারী পরিচালক জাফর আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে দালালদের দৌরাত্ম্য এবং গ্রাহক ভোগান্তির বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

এ সময় পাসপোর্ট ফরম পূরণ ও জমা দেওয়ার জন্য গ্রাহকদের কাছ থেকে দালালদের টাকা আদায়, দালালদের দেওয়া সাংকেতিক চিহ্ন ছাড়া ফরম জমা নিতে গ্রাহকদের হয়রানির প্রাথমিক প্রমাণ পান।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক লুত্ফুল কবির চন্দন বলেন, দুদকের হটলাইন ১০৬ নম্বরে ফোন করে অভিযোগ পাওয়া যায় দালালদের দৌরাত্ম্যের কারণে পাসপোর্ট করতে ভোগান্তি হচ্ছে। ওই অভিযোগের প্রেক্ষিতে আজ ছদ্মবেশে অভিযান চালানো হয়। এসময় সেখানে দালালদের উপস্থিতি এবং পাসপোর্ট করার প্রক্রিয়ার বিভিন্ন অংশে তাদের দৌরাত্ম্যের প্রমাণ মিলেছে।

পাসপোর্ট কার্যালয়ে দুদকের উপস্থিতি স্বীকার করলেও কার্যালয়ে দালালদের উপস্থিতি ও দৌরাত্ম্যের বিষয়টি তিনি অস্বীকার করেন পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আল আমীন মৃধা। তিনি বলেন, দুদকের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল এসেছিল। তাদের সবকিছু ঘুরিয়ে দেখিয়েছি। বিভিন্ন সময় পাসপোর্ট পেতে ভোগান্তির অভিযোগ গ্রাহকদের ছিল। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাসপোর্ট ডেলিভারি দিতে সমস্যা হয়। এখন প্রায় স্বাভাবিক হয়ে গেছে। সপ্তাহখানেকের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে।