আল-আমিন, নীলফামারী ঃ নীলফামারীতে ধারের টাকা পরিশোধ করার পরেও জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে প্রভাবশালী। ঘটনাটি ঘটেছে, সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পুলেরহাটে। এঘটনায় নীলফামারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে কুন্দপুকুর ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে ভুক্তভোগী রশিকুল ইসলাম।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ রশিকুল ইসলাম পুলের হাট বাজারে ৫বছর থেকে ফার্নিচারের দোকান করে আসছে। সে সুবাদে পুলের হাট এলাকার মৃত মোক্তার সরকারের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৭) এর কাছে ২০ হাজার টাকা ধার নেয় রশিকুল। গত ৭ আগস্ট সকাল ১০ টায় মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আবুল হেলাল(৫০) দোকানে আসলে রশিকুল জাহাঙ্গীরের পাওনা ২০ হাজার টাকা ফেরত দেয়। টাকা ফেরত দেওয়ার পরেও মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আবুল হেলাল দুজনে কু-পরামর্শ করে রশিকুল ইসলামকে ভয় দেখিয়ে তার দোকান থেকে ৪টি খাট যার মূল্য প্রায় এক লাখ বিশ হাজার টাকা, মেহগনি ও কাঁঠাল গাছের ২০ সিপ্টি কাঠ যার মূল্য প্রায় ৪০হাজার টাকা সহ দোকানের যন্ত্রাংশ বের করে নিয়ে যায়। এরপর মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আবুল হেলাল তাদের অনুসারীদের ডেকে নিয়ে ভুক্তভোগী রশিকুল কে ভয় দেখিয়ে জোর করে ৩শত টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
ভুক্তভোগী মোঃ রশিকুল ইসলাম বলেন, আমি জাহাঙ্গীরের পাওনা ২০ হাজার টাকা ফেরত দেওয়ার পরেও সে আমার কাছে আরো বড় অঙ্কের টাকা আদায় করার জন্য জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। সে আমার সাথে প্রতারণা করেছে। তারা সকলে আমাকে এমনভাবে ভয়ভীতি প্রদর্শন করে যার কারণে আমি ঘটনার সময় আমার পরিচিত কাউকে কোনো কিছু জানাতে পারি নি।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম এর সাথে কথা বললে ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার কথা স্বীকার করেন তিনি। এ বিষয়ে জাহাঙ্গীর আলম এর সাথে কথা বললে ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার কথা স্বীকার করেন তিনি। এবং রশিকুলের নামে ৬লক্ষ টাকার মামলা দিবে বলে জানান। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


