আল- আমিন, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতাধীন তৃতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যাবহার ও বহিরাগত মিস্ত্রি দিয়ে নির্মাণ কাজ করায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সরজমিনে গিয়ে জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীন উপজেলায় ১শ’ টি গৃহহীন পরিবারের বাড়ি নির্মাণের জন্য ২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ হয়। এর মধ্যে বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ মেলাবর গ্রামে ৪০টি গৃহহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণ কাজে নিম্নমানের ইট, চুলার মাটির ন্যায় খোয়া ও স্থানীয় নদীর ভিডি বালু দিয়ে নির্মাণ কাজ চলছে। বাড়ি গুলোর ভিত্তি দেয়ার আগে বক্স কাটিংয়ে কম্প্যাকশন না করে সলিং এর উপর ৪ঃ১ এর স্থলে ৬ঃ১ সিসি ঢালাই দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
এছাড়াও ওই নির্মাণ কাজের তদারকির জন্য উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দায়িত্বে থাকলেও তারা দেখভাল না করায় গুনগত মান রক্ষার বিষয়টি উপেক্ষিত হওয়ায় গৃহহীনদের জন্য নির্মাণাধীন বাড়িগুলোর স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে উপজেলা নির্মাণ শ্রমিকের সভাপতি তহুবর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার এলাকায় করোনাকালীন সময় শ্রমিকদের হাতে কাজ না থাকায় তারা খেয়ে না খেয়ে আছে। তাদের পেটের ভাত মেরে বর্তমান ইউএনও অন্য জেলার শ্রমিক এনে আশ্রয়ণ প্রকল্পের কাজ করছেন।
ওই এলাকার মৃত হরেন্দ্রনাথ অধিকারীর ছেলে ক্ষিতিষ চন্দ্র অধিকারী, মোকন্দ রায়ের ছেলে ধীরেন চন্দ্র রায়, বজরা বর্মণের ছেলে মহেশ বর্মণ ও নিরাশা বর্মণের ছেলে পলাশ চন্দ্র রায় অভিযোগ করে বলেন, মাঝে মধ্যে ইউএনও স্যার এখানে আসেন। আর কেউ এসব বাড়ি নির্মাণ কাজ দেখার জন্য আসে নাই। নি¤œমানের ইট,খোয়া ও বালু দিয়ে কাজ না করার জন্য মিস্ত্রিদেরকে বলছি। ওনারা ইউএনওকে বলতে বলেছেন।
কিন্ত ইউএনও স্যার কি আমাদের কথা শুনে? প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান তিনি এবিষয়ে কোন পত্র পাননি এবং কোন কিছু জানেননা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ:দ) নির্মাণ কাজ বাস্তবায়ন কমিটির সেক্রেটারী ময়নুল হক জানান, ভিত্তি দেয়ার দিনে গিয়েছিলাম। আর কোন দিন যায়নি। নিম্নমানের কাজের বিষয়ে তিনি ইউএনও এর যোগাযোগ করতে বলেন।
নি¤œমানের সামগ্রী দিয়ে কাজ করার বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম বলেন বিষয়টি সরজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


