আল-আমিন,নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে রণচন্ডী ইউপি‘র বাফলার বিলে হাজার হাজার বালি হাঁস, সরালিসহ নানা জাতের পরিযায়ী পাখির মেলা বসেছে। কাক ডাকা ভোরে দলবেঁধে আসা পাখির কলরব কানে আসে। বলতে গেলে রোজ ঘুম ভাঙ্গে এসব পাখির কিচিরমিচির শব্দে। ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি এসে পড়ছে বিলের জলাশয় ও হাফিজ উদ্দিন স্বপনের মৎস্য খামারে। পাখিদের নানা সুরেলা কন্ঠের হাকডাক, ওড়াউড়ি, মিতালি-মাতামাতির জলকেলিতে মূখর হয়ে উঠেছে এর চারপাশা। যেন অঘোষিত পাখির অভায়রণ্য।
স্থানীয়রা জানায়, এ পাখিগুলো শীতপ্রধান দেশে টিকতে না পারায় প্রতি বছর শীতের আগমনে এখানে আসে বাসা বাঁধে এবং ছানা ফুঁটিয়ে বড় করে তারপর বসন্তে উত্তরে উড়াল দেয়। অতিথি পাখির পাশাপাশি পানকৌড়ি,চাপাখি,টুনটুনি,দোয়েল,শালিক, রাতচরা,কানা বক, সাদা বক, ধূসর বক, মাছরাঙ্গাসহ নাম না জানা অনেক প্রজাতির পাখির পসরাও বসে নিত্যদিন।
সরেজমিনে দেখা যায়, শত শত একরের সরকারী খাসভ’ক্ত বিশাল জলায়তন বাফলার বিলের একাংশ দখলমুক্ত ও খনন করে গড়ে তোলা হয়েছে মৎস্য অভয়াশ্রম। পাশেই ১০০ বিঘা এলাকা জুড়ে মাছের মৎস খামার। সব মিলে ওই স্থানটি পাখিদের নিরাপদ প্রজনন, খাদ্য আহরণসহ আবাসস্থলের এক নিরাপদ বেলাভ’মি। বিশেষ করে দেখা যায়, ওই খামারের মাছ রক্ষায় এর চার পাশ বাঁশের বেড়া (বানা) ও জাল দিয়ে, নিরাপদ বেষ্টনী গড়ে তোলা হয়েছে। খামারের এমন নিরাপদ বেষ্টনীর আবাসস্থলে বালি হাঁস, সরালির মত হাজার হাজার অতিথি পাখির ডুব সাঁতারে তৈরী হয় এক নতুন ফটো এ্যালবাম।
যে এ্যালবাম জুড়ে থাকে পাখিদের ডুব-ডুব লুকোচুরি, আহার শিকার,খঁনসুটি, কিচিরমিচির শব্দ, পাখার ঝাপটানির মোহনীয় তাল,ডানা মেলে ঝাঁকে ঝাঁকে উড়া এমন মনোরম দৃশ্য যা অন্যরকম আবহ তৈরি করে খামারের প্রকৃতি জুড়ে। এ রকম ছোটাছুটি আর লুটোপুটি চলে সন্ধ্যা পর্যন্ত। গোধূলি শেষে যখন সূর্য ডুবুডুবু অবস্থা, ঠিক তখন মাথার ওপর দিয়ে উড়ে যায় এসব পাখি। উড়ে গিয়ে যার যার মত আশ্রয় নেয় আশপাশের গাছ-পালা,বাঁশ-ঝাড়, কচুরিপানার ঝোপে। তাই ওই খামারে পাখ-পাখালির এমন নিবিড় আত্মীয় ভাবাপন্ন আপন করা মায়াবী জালে আটকা পড়ে হাজার হাজার অতিথি পাখি। আর এ মায়ার টানে তাই প্রতি বছরই ফিরে আসে দুর দেশের পরবাসী অতিথি পাখিগুলো।
মৎস্য খামারের মালিক হাফিজ উদ্দিন স্বপন বলেন, আমি নিজে এবাং বাফলা গ্রামের মানুষ প্রকৃতিপ্রেমী, পাখিপ্রেমী। এ কারণেই পাখির অভয়ারণ্য এ বাফলার বিল পাড়া গ্রাম। তিনি আরো জানান, খামারসহ বিলে পাখির নিরাপত্তা রক্ষায় সচেনতামূলক কার্যক্রমের পাশাপাশি পাখিদের যেন কেউ ক্ষতি না করে সেজন্য খামার তত্বাবধায়ক সার্বিকভাবে দায়িত্ব পালন করছেন। তবে এই এলাকাকে সরকারীভাবে পাখির অভয়অরণ্য ঘোষনা করা হলে শীত মৌসুমে পাখিদের ভিড় আরো বাড়বে।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান (বিমান) বলেন, একসাথে এত পাখির আনাগোনা যা অন্য কোথাও নেই। অতিথি পাখির আগমনে প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি এসব পাখি আমাদের মনে আনন্দ দেয় এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধি পায়। বিশেষ করে এ বিলে পাখিদের একটি অন্যতম নিরাপদ আবাসস্থল হিসাবে গড়ে উঠেছে। এদেরকে শিকারির হাত থেকে রক্ষা করার জন্য সচেতনতাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছি।


