নীলফামারীতে বিলুপ্তির পথে কালিবাড়ি মন্দির

আল-আমিন, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারিহাটের কালিবাড়ির মন্দির ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছে। শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শণ প্রাচীন এ মন্দিরটি এখন অযত্ন-অবহেলায় ধ্বংসের মুখে। ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছে এটি। এক সময়ে এ মন্দিরকে কেন্দ্র করে এখানে অপরূপ সাজে সেজে ছিল। কিন্তু সময়ের আবর্তনে এটি বিলুপ্তি হতে বসেছে। ইতিহাসের সাক্ষী এ মন্দির সংরক্ষণের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। পুরতাত্নিক এ নিদর্শন এখনও প্রত্নতত্ত্ব বিভাগের তালিকার বাইরে। তবে প্রত্নতত্ব অধিদপ্তরের রংপুর বগুড়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা  বলেন, খুব শিগগিরি মন্দিটি পরিদর্শণ করা হবে। 
যদি ক্যাটাগরিতে পড়ে তাহলে এটি পুরাতাত্নিক নিদর্শণ হিসেবে তালিকাভুক্ত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে এ এলাকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের দুইশজন মন্দিরটিতে অস্থায়ী মুর্তি বসিতে পূজা আর্চণা করে থাকেন। তাঁদের কারোই এর সঠিক ইতিহাস জানা নেই। তবে এখানকার অনেকের মতে প্রায় তিনশত বছর আগে ১৬৮৫ সালে ১৮ শতক জমির ওপর এটি নির্মাণ করা হয়। তৎকালীন এ অঞ্চলের হিন্দু জমিদার তাঁর স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে এসেছিলন। তাঁর ইচ্ছানুসারে বর্তমান হাজারি হাটের কালিবাড়িতে মন্দিরটি নির্মাণ করা হয়।
সরেজমিন সেখানে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ অবস্থায় রয়েছে মন্দিরটি। সামনে বাঁশঝাড় থাকায় বোঝার উপায় নেই ভিতরে রয়েছে একটি মন্দির। মন্দিরের চারপাশে ঘন জঙ্গল। দেয়ালে জন্মেছে বড় বড় আগাছা। ভেঙ্গে নিশ্চিহ্ন হতে বসেছে দেয়ালগুলো। মাথা উঁচু করে নিজের অস্তিত্বের জনান দিচ্ছে পশ্চিমপাশের চুড়াটি। মন্দিরের সেবায়েত জগদিশ হাজরা (৬৮) বলেন, পাশের ইউনিয়ন খাতামধুপুরের ডাঙ্গাপাড়ার বেবোক নামে এক পুরোহিত এখানে এসে পূজা করান। এখনো মন্দিরের নামে ১৮ শতাংশ জমি রয়েছে। এর বেশির ভাগ জমিই এখন বেদখল হয়ে গেছে। তিনি আরও বলেন, বর্তমান এটির অবস্থা খুবই শোচনীয়। দ্রুত সংস্কার করা না হলে এর অস্তিত্ব আর থাকবে না।
কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুন্নবী সরকার বলেন, আমি চেয়ারম্যান হিসেবে স্বল্প দিন হলো দায়িত্ব নিয়েছি। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত ভাবে জানানো হলেও আজও এর সংস্কার হয়নি। এটিকে প্রত্নতাত্বিক নিদর্শণ হিসেবে তালিকাভূক্তির দাবি জানান তিনি।
জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, কালিবাড়ি মন্দিরটি আমাদের এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য বহন করে থাকে। খুব দ্রুতই উপজেলা পরিষদের পক্ষ থেকে এই মন্দিরটি সংস্করণের উদ্যোগ গ্রহণ করা হবে।