নীলফামারীতে লেপের কভারে ভাগ্য বদল

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে গার্মেন্টসের ঝুট কাপড়ের লেপের কভার সেলাই করে ভাগ্য বদলে  কয়েক হাজার নারী-পুরুষের। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়াশোনার ফাঁকে এ কাজ করে ভালো আয়-রোজগার করছে। এ শিল্পের সাথে জড়িত প্রতিটি সংসারে লেগেছে সচ্ছলতার ছোঁয়া। তাঁরা প্রায় সবাই এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের ইসলামবাগ, রসুলপুর, গোলাহাট, বাঁশবাড়ি  মিস্ত্রিপাড়াসহ বিভিন্ন এলাকায় রয়েছে পাঁচ শতাধিক লেপের কভার তৈরির কারখানা। আর এ  শিল্পের সাথে জড়িত প্রায় ৫ হাজার নারী-পুরুষ। এর মধ্যে কেউ বা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমে পড়েছেন। কেউ সেলাই মেশিন কিনে শ্রমিক খাটাচ্ছেন। এখানকার তৈরি ঝুট কাপড়ের লেপের কভারের চাহিদা রয়েছে সারাদেশেই। প্রতি শীত মৌসুমে রাজধানী ঢাকা, কুমিল্লা,  পাবনা, শরীয়তপুর, যশোর, জয়পুরহাট, নওগাঁ বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ঝুটের লেপের কভার কিনে নিয়ে যান। প্রতি শীত মৌসুমে এ উপজেলায় এক থেকে  দেড়শ কোটি  টাকার লেপের কভার বিক্রি হয়ে থাকে।
সরজমিন ঘুরে দেখা যায়, শহরের প্রতিটি  এলাকায় প্রায় ঘরে ঘরে দিন-রাত চলছে সেলাই মেশিনের খট খট শব্দ । এক টুকরো ঝুট কাপড়ের সঙ্গে আরেক টুকরোর জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে লেপের কভার।
শহরের ইসলাম এলাকার বাসিন্দা আকবর আলী জানান, তিনি আগে শুধু রিকশা চালতেন। এতে সংসারে অভাব লেগেই থাকত। ঝুট কাপড়ের ব্যবসা শুরু হওয়ার পর ভাগ্য ফিরেছে তাঁর। এখন স্বামী-স্ত্রী দু’জনই কাপড় সেলাই করেন। একবেলা রিকশা চালান। বাঁকিটা সময় ঝুটের কাপড় মেশিনে জোড়া লাগানেরা কাজ করে। এতে বাড়তি আয় হচ্ছে। সংসারে সচ্ছলতা এসেছে।
শহরের গোলাহাট এলাকার স্কুলছাত্রী মিথিলা পারভীন ও মিফতাহুল জান্নাত জানান,  পড়ালেখার পাশাপাশি অবসরে সেলাই মেশিনে ঝুটের লেপের কভার সেলাই করে প্রতিদিন দেড়’শ থেকে দুই’শ টাকা আয় করে । তা দিয়ে নিজের লেখাপড়ার খরচের পাশাপাশি বাবা-মাকে সংসারে সাহায্য করে তারা।
ব্যবসায়ী রফিফুল ইসলাম জানান,  চারশ সেলাই মেশিন রয়েছে তাঁর। ঢাকা ও চট্টগ্রাম থেকে ঝুট কাপড় কিনে আনেন তিনি। তা দিয়ে স্থানীয় নারী-পুরুষ দর্জির মাধ্যমে লেপের কভার সেলাই করান। সরকার সুনজর দিলে এটি একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে উঠতে পারে দাবি তাঁর।
জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন বলেন, আমি কর্মস্থলে নবাগত। এ শিল্প সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হবে।