আল-আমিন, নীলফামারীঃ শীত মানেই বাহারী সব পিঠা পুলির দিন। শীতের পিঠাপুলি বাঙালির আদি খাদ্য সংস্কৃতির একটি অংশ। শীত এলেই তা যেনো রূপ নেয় রঙিন আকারে। আর পিঠার ম-ম ঘ্রাণ করবে চার দিক। এমন ভাবনাই তো বাঙালির মানষপটে ভেসে উঠবে। তাই পৌষের কুয়াশা মোড়ানো শীতের হিমেল হাওয়ায় ধোঁয়া উঠা ভাপা পিঠা, চিতই পিঠা, তেলে ভাজা পিঠার স্বাদ না নিলে তুপ্তি মেটে না অনেকের। তাই পিঠা প্রেমিকদের গরমাগরম শীতের পিঠার স্বাদ নেওয়ার ধুম পড়েছে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। এবারো শহরের অলিতে গলিতে, বিভিন্ন রাস্তার মোড়ে ও পাড়া মহল্লায় বসেছে ভ্রামান পিঠার দোকান। এসব দোকানে নানা শ্রেণি পেশার পিঠামোদি মানুষের হুমড়ি পড়া ভিড়। এ পিঠায় মায়ের আদর মাখা না থাকলেও আছে শহুরে ব্যবসায়ীদের যতœ-আত্তি।
সরেজমিনে দেখা গেছে, পিঠা বিক্রেতাদের মধ্যে অধিকাংশ হত দরিদ্র পরিবারের নারী। সংসারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ফুটপাতে পিঠা তৈরি করছে তারা। আবার সংসারে অর্থ উপার্জনের কেউ না থাকায় পিঠা তৈরি করে সংসার চালাচ্ছেন অনেকেই। এ সময় কিশোরগঞ্জ কামার পাড়া মোড়ের পিঠা বিক্রেতা বিধবা নারী জোসনা বেগম (৫০) জানান, সংসারে আয় রোজগারে কেউ নেই । সারা বছরই রাস্তার পাশে পিঠা বিক্রি করে সংসার চালান।প্রতিদিন জ্বালানি খরচ বাদে আয় হয় ৩শ থেকে ৪শ টাকা। যা দিয়ে সংসার ভালই চলে।
এরকম দৃশ্য চোখে পড়ে ঝর্নার মোড়,গাড়াগ্রাম আহেলার স্ট্যান্ড, মাগুড়া বাসস্ট্যান্ড, মাগুড়া চেকপোষ্ট, বড়ভিটা বাজার, জুরাবান্দাসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যামান পিঠার দোকান দেখা যায়। এদের মধ্যে বেশির ভাগই শীত আসলে পিঠার দোকান নিয়ে রাস্তার পাশে বসে পড়ে। পুরো শীত পর্যন্ত চলে এ ব্যবসা। মাগুড়া বাসস্ট্যান্ডর মোড়ের মনো বেগম ও মমতাজ জানান, শীতের শুরু থেকে পিঠার দোকানে ভিড় জমে। বিক্রি বাট্রাও খুব ভালো। অনেক সময় ক্রেতার চাহিদা মিটানো যায় না। আর চিতই পিঠা ৫ থেকে ১০টাকা এবং ভাপা পিঠা বিক্রি হয় ১০টাকা। ভাপা পিঠা মুখরোচক করতে ঝুড় ঝুড়ে খেজুরের গুড়, নারিকেল দিয়ে বানানো হয়। চিতই পিঠা স্বাদ বাড়াতে সরষে বাটা, ধনে পাতার ভর্তা, শুঁটকি ভর্তা, মরিচের ঝাল দোকানে রাখা হয়। শীত কালীন এই পিঠা বিক্রি করে সংসারের ভালো আয় রোজগার হচ্ছে।
পিঠা মোদি কাওছার হামিদ জানান, সংসারিক ব্যাস্ততার কারণে বাড়িতে পিঠা খাওয়ার সুযোগ হয়না। এ কারণে রাস্তা মোড়ের পিঠা যেমন লোভনীয় তেমনি মজাদার।
জানতে চাইলে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, শীত কাল এলে মৌসুমী পিঠা ব্যাবসায়ীদের নানা রকমে পিঠা বিক্রির ধুম পড়ে যায়। হাট বাজারে রসনা বিলাস লোকজন সকাল সন্ধা পিঠা খেতে ভিড় করেন দোকান গুলোতে। এ ব্যাবসার সাথে জড়িতরা স্বল্প পুজি দিয়ে ভালো আয় রোজগার করে পরিবারদের নিয়ে স্বাচ্ছন্দ জীবন যাপন করে।


