স্ত্রীকে হুমকি দেয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ

নীলফামারীতে সহকারী শিক্ষক সাময়িক ভাবে বরখাস্ত

আল-আমিন, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান (৩৫) কে সাময়িক ভাবে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার। অপরদিকে স্ত্রীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তুলে নেয়ার জন্য স্ত্রীকে হুমকি প্রদানের অভিযোগে কিশোরগঞ্জ থানায় অভিযোগ করেছে মাগুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বুশরাতুন্নাহার।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ ২০২১ ইং রংপুর মেট্রোপলিটন পুলিশ এর মামলা নং ৬২,নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় ওই শিক্ষকের বিরুদ্ধে। মামলার দিনেই তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে ২৮ মার্চ ২০২১ইং বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত কোতয়ালী মেট্রোপলিটন কর্তৃক জেল হাজতে প্রেরণ করেন। যেহেতু সরকারী চাকুরী আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) ৩৯ (২) ধারা অনুযায়ী পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ায় গত ২৪ মার্চ থেকে কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

অপর দিকে ওই সহকারী শিক্ষক জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকে তার স্ত্রী মাগুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বুশরাতুন্নাহারকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। গত রবিবার ২৪ মে শিক্ষিকা বুশরাতুন্নাহার তার স্কুল থেকে বাড়ী ফেরার পথে রাস্তায় গতিরোধ করে হাফিজুর রহমান তাকে মারধর করার চেষ্টা করায় ওই শিক্ষিকা ঘটনার দিন কিশোরগঞ্জ থানায় এসে একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে মাগুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বুশরাতুন্নাহারের সাথে কথা হলে তিনি বলেন, আমি তার প্রথম স্ত্রী। আমাকে সে দীর্ঘদিন থেকে অত্যাচার করে আসছে। আমি তার অত্যাচার সহ্য করতে না পেরে মামলা করেছি। সে আমার অনুমতি ছাড়া আবার একটি বিয়ে করেছে। আবার আমাকে বিদ্যালয়ের কাজে আসা যাওয়ার সময়ও বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। আমি আবার আমার নিরাপত্তার জন্য থানায় লিখিত অভিযোগ করেছি। থানায় অভিযোগ করার পরেও আমার জীবন নিয়ে শঙ্কায় আছি। না জানি কখন সে আমার উপর হামলা চালায়। আমার তো এই এলাকায় কেউ নেই।

এ ব্যাপারে শরীফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি ২১ দিন জেলে ছিলাম। তবে তিনি দ্বিতীয় বিয়ে করেনি বলে অস্বীকার করে বলেন,আমি আমার স্ত্রীকে জেলাস ফিল করার জন্য আমার পরিচিত এক মেয়েকে দিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দিয়েছি।

এ ব্যাপারে শরীফাবাদ ক্লাষ্টারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন,বিষয়টি আমি শুনেছি। আমি ওই শিক্ষককে অফিসে ডেকেছিলাম। কিন্তু সে আমার কাছে আজও অফিসে আসে নাই।

শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্তকারী সাব-ইন্সপেক্টর (এস আই) নোমান হোসেন বলেন,অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিষয়টি জানা যাবে।